রাজনীতি

শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন: রাজনীতির মঞ্চে প্রশাসনিক দায়িত্বের নতুন অধ্যায়

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন এবার আরও স্পষ্ট ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিউ কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি— NKDA-র চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলেন। এই নিয়োগ কেবলমাত্র একটি প্রশাসনিক পদায়ন নয়, বরং রাজনৈতিক অঙ্গনে এক গভীর বার্তা বহন করছে।

বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আইন পাশ করিয়ে যে সংস্থা গড়ে উঠেছিল নিউ টাউনের নাগরিক ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য, সেই NKDA আজ কার্যত এক পূর্ণাঙ্গ শহর পরিচালন সংস্থা। দ্রুত নগরায়নের চাপ সামলাতে পূর্ব কলকাতার প্রান্তে যে আধুনিক শহরটির জন্ম হয়েছিল, সেই নিউ টাউন এখন রাজ্যের সবচেয়ে দ্রুতবর্ধনশীল নগরগুলির একটি।

২৯.৩৪ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই শহরে রয়েছে ২৪টি মৌজা, চারটি থানার অধীনে প্রশাসনিক পরিধি, আর একাধিক রিয়েল এস্টেট, আইটি, শিক্ষা ও ব্যবসায়িক প্রকল্পের সমাহার। NKDA-র অধীনে এখন ৫৩টি আবাসন কমপ্লেক্স, ৮০টি IT/ITES প্রকল্প, ১২টি ফিনটেক হাব এবং ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ২২১ কিলোমিটার দীর্ঘ রাস্তা, স্মার্ট স্ট্রিটলাইট, সৌর বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, এমনকি পেট ক্রেশ ও বাইসাইকেল শেয়ারিং— এই সমস্ত আধুনিক পরিষেবাই নিউ টাউনকে এক “স্মার্ট সিটি” মডেলে পরিণত করেছে।

শোভন চট্টোপাধ্যায় বলেন, “আমার চোখের সামনে এই শহর গড়ে উঠেছে। দিদি আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। শহরটিকে আরও আধুনিক ও সুন্দর করে তুলতে আন্তরিকভাবে চেষ্টা করব।”

তাঁর এই প্রত্যাবর্তনকে অনেকেই ২০২৬ সালের ভোটের আগে তৃণমূলের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। দীর্ঘদিন পর রাজনৈতিক মঞ্চে ফিরে এসে প্রশাসনিক দায়িত্ব নেওয়া শোভন এখন দলের কাছে এক ‘বিশ্বস্ত ও অভিজ্ঞ মুখ’।

রাজনীতির দৃষ্টিতে এই পদায়ন যেমন ‘রি-এন্ট্রি’–র ইঙ্গিত দেয়, তেমনই প্রশাসনিক দৃষ্টিতে নিউ টাউনের উন্নয়নে নতুন গতি আনবে বলেই আশা করছে নবান্ন।
একদিকে ‘স্মার্ট সিটি’–র পথে এগিয়ে চলা নিউ টাউন, অন্যদিকে ‘স্মার্ট পলিটিক্স’-এর ইঙ্গিতবাহী এই সিদ্ধান্ত —
সব মিলিয়ে, রাজ্য রাজনীতির অন্দরে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন এখন এক নতুন অধ্যায়ের সূচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.