নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর পর ফের একবার চোখ রাঙাচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এক শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা। উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
আইএমডি-র সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ অক্টোবরের আশেপাশে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার প্রভাবে একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
কোন কোন রাজ্যে চরম সতর্কতা
দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং কেরল-কর্নাটক উপকূল সংলগ্ন লক্ষদ্বীপ অঞ্চলে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা।
এর ফলে,
কেরল, লক্ষদ্বীপ, তামিলনাড়ু ও পুদুচেরিতে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
১৮ অক্টোবর নিকোবর দ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আর ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কোঙ্কন ও গোয়া এবং দক্ষিণ মধ্য মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা,
২১ ও ২২ অক্টোবর মারাঠওয়াড়াতেও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সঠিক গতিপথ ও প্রভাবের পরিমাণ এখনও নির্দিষ্টভাবে বলা না গেলেও, আগামী কয়েক দিনে দক্ষিণ ও পূর্ব ভারতের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কালীপুজোর পর থেকেই বঙ্গোপসাগরের উষ্ণ জলের কারণে ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে। ফলে অক্টোবরের শেষ সপ্তাহে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলেও।
আবহাওয়া পরিস্থিতির ওপর দফতরের নজরদারি অব্যাহত রয়েছে। পরিস্থিতির আপডেট জানাতে নিয়মিত বুলেটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইএমডি।






