ফের বিনোদন জগতে নক্ষত্র পতন। ২০ অক্টোবর আলোর উৎসবেই ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা আসরানী। বর্ষীয়ান অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। সমগ্র বলিউড সহ অভিনেতার অনুরাগীরা শোকস্তব্ধ। খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার নিজের সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
অক্ষয় এ দিন নিজের সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করে লেখেন, “আসরানীজির মৃত্যুর খবরে শোকস্তব্ধ। ভাষা হারিয়েছি। মাত্র এক সপ্তাহ আগেই ‘হ্যায়বান’-এর শুট করলাম, উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলাম। খুব ভাল মানুষ ছিলেন। তাঁর কৌতুকের জ্ঞান ছিল দারুণ। আমাদের একসঙ্গে করা ‘হেরা ফেরি’ থেকে ‘ভাগম ভাগ’ থেকে ‘দে দনা দন’, ‘ওয়েলকাম’ আর এখন মুক্তির অপেক্ষায় থাকা ‘ভূত বাংলা’ আর ‘হ্যায়বান’— আমরা একসঙ্গে কাজ করেছি আর ওঁর থেকে অনেক কিছু শিখেছি। ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। আমাদের হাসার কোটি কোটি মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ আসরানী স্যর। ওম শান্তি।”







