ভাইফোঁটার রোদেলা সকাল শেষ হতেই ফের রাজ্যে ধেয়ে আসছে নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া আবহাওয়াগত অস্থিরতা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ-এ পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সিস্টেমের প্রভাবে সপ্তাহের শেষ দিকে ফের ভিজতে পারে গোটা বাংলা।
কবে থেকে বৃষ্টি শুরু?
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে শুক্রবার থেকেই আকাশের মুখ ভার হতে শুরু করবে। ২৫ অক্টোবর থেকে বৃষ্টি ধীরে ধীরে জোরদার হবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি — যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় — হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে।
শনিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি আরও তীব্র হবে বলে পূর্বাভাস। সেই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বিশেষত উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার, অর্থাৎ ২৭ অক্টোবর থেকে উত্তরবঙ্গের আটটি জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও কালিম্পং – এ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি হতে পারে।
সপ্তাহান্তে আবহাওয়া কেমন থাকবে
২৪ অক্টোবর: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি নেই।
২৫ অক্টোবর: উপকূলের জেলায় হালকা বৃষ্টি।
২৬-২৭ অক্টোবর: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির সম্ভাবনা।
২৮ অক্টোবর: উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং দক্ষিণে বৃষ্টি কমবে।







