দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক প্রভাব বৃদ্ধি হতেই ফের চিন ভারতের বিরুদ্ধে কৌশলে নেমেছে। সেটাই আবারও স্পষ্ট হলো পেন্টাগনের সাম্প্রতিক রিপোর্টে। মার্কিন প্রতিরক্ষা দফতরের দাবি, গত কয়েক বছরে পাকিস্তান ও বাংলাদেশকে বিভিন্ন নৌযান ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বেজিং। শুধু তাই নয়, ভবিষ্যতে এই অঞ্চলে নিজেদের অস্ত্রবাজার আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে চিনের।
রিপোর্ট অনুসারে, শেখ হাসিনার জমানায় ২০১৭ সাল থেকে বাংলাদেশকে দু’টি ফ্রিগেট বিক্রি করেছিল চিন। এরপর ২০১৮ সালে পাকিস্তানের হাতে তুলে দেয় ৩টি যুদ্ধজাহাজ। পাশাপাশি পাকিস্তানে একটি এয়ারবেস চালু করার জন্য আগ্রহ প্রকাশ করেছে চিনের কাছে। এবার সেই বিষয় নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ক্রমশ উদ্বেগ বৃদ্ধি হচ্ছে। নৌসেনার পাশাপাশি আকাশপথেও সামরিক সহযোগিতা জোরদার করছে বেজিং। এখনও পর্যন্ত পাকিস্তানকে প্রায় ২০টি জে-১০সি যুদ্ধবিমান ডেলিভারি করেছে চিন। মোট ৩৬টি যুদ্ধবিমান দেওয়ার চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে।
অন্যদিকে, বাংলাদেশকে ভিটি-৫ লাইট ট্যাঙ্ক রফতানির কথাও উল্লেখ করা হয়েছে মার্কিন রিপোর্টে। আগামী দিনে বাংলাদেশ, পাকিস্তানের পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডেও নৌ সামরিক সরঞ্জামের বাজার ধরতে চাইছে চিন।
উল্লেখযোগ্য ভাবে, ২০১৬ সালে বাংলাদেশকে ২টি মিং ক্লাস সাবমেরিন দিয়েছিল বেজিং। একই শ্রেণির একটি সাবমেরিন মায়ানমারকেও দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত অন্য কোনও দেশে ইউয়ান ক্লাস সাবমেরিন রফতানি করেনি চিন। যদিও বাংলাদেশকে জে-১০সি যুদ্ধবিমান বিক্রি নিয়ে চর্চা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, চিনে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান লিবিয়াকে বিক্রি করতে চলেছে পাকিস্তান বলে জানা গেছে। যদিও লিবিয়ার উপর রাষ্ট্রসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নিজে লিবিয়া সফরে চুক্তি চূড়ান্ত করেন বলে অভিযোগ। ওই চুক্তি অনুযায়ী, হাফতারের বাহিনী পাবে ১৬টি জেএফ-১৭ যুদ্ধবিমান ও ১২টি সুপার মাশাক প্রশিক্ষণ বিমান। পাশাপাশি এই প্রেক্ষাপটে, আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে প্রশ্ন উঠছে ইসলামাবাদ ও বেজিংয়ের ভূমিকা নিয়ে।







