অল্প বয়সেই নিভে গেল জীবনপ্রদীপ। মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত হলেন টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। গত ২৭ অক্টোবর ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ঘুমের মধ্যে খিঁচুনি (Seizure) হয়েছিল অভিনেতার। তার পরেই মৃত্যু হয় তাঁর। অনুজের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর বন্ধু ও সহকর্মীরা।
অভিনেতার মৃত্যুর খবর প্রথমে প্রকাশ্যে আনেন তাঁর বন্ধু ও সহযোগী রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুজকে স্মরণ করে একটি শোকবার্তা পোস্ট করেন তিনি। সেখান থেকেই অভিনেতার মৃত্যুর খবর সামনে আসে।
রূপেশের সঙ্গে অনুজের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। অনুজের পরিবারের কাছ থেকেই তাঁর মৃত্যুর খবর জানতে পারেন রূপেশ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ঘুমের মধ্যেই খিঁচুনির সমস্যা দেখা দিয়েছিল অভিনেতার। তবে তাঁর মৃত্যুর বিষয়ে এর বেশি বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
অনুজের অকালপ্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয়েছে তাঁর পরিচিত মহলে। মাত্র ৩৩ বছর বয়সে এভাবে একজন তরুণ অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর বন্ধুবান্ধব ও অনুরাগীরা। সমাজমাধ্যমেও তাঁকে স্মরণ করে শোকপ্রকাশ করছেন অনেকে।







