SIR এ কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে , নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলো শাসকদল। এবার পাল্টা , SIR এর পর , একজনও অবৈধ ভোটারের নাম তালিকায় থাকলে , নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার হুঁশিয়ারি বিজেপির। ১ লক্ষ বাঙালি , নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে বলে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ।
কিভাবে দুমাসে ভোটার তালিকার সংশোধন সম্ভব ! তা নিয়ে প্রশ্ন তুলে , বিজেপিকে আক্রমণ করে , আগেই অভিষেক ব্যানার্জি বলেছেন , “আগে সরকার নির্বাচন করতে মানুষ ভোট দিতেন। আর এখন সরকার ঠিক করছে, কারা ভোট দেবেন।” পাশাপাশি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে , তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন , “যদি একজন বৈধ ভোটারেরও অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে বাংলা থেকে এক লক্ষ লোক নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন।”
এবার বিজেপি নেতা সজল সমাজ মাধ্যমে লিখলেন , “একজন অবৈধ ভোটারেরও নাম যদি ভোটার লিস্টে থাকে, ১ লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে।”
উল্লেখ্য , এই বিশেষ নিবিড় সংশোধন নিয়ে , আগেই বাংলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কমিশনের ওপর তৃণমূল চাপ বাড়াচ্ছে , যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। পাশাপশি গেরুয়া শিবিরের অভিযোগ , বাংলাদেশী অনুপ্রবেশকারীরা , বাংলায় ঢুকে ভোটার কার্ড বানিয়ে ভোট দিচ্ছে। তাদের দাবী SIR হলে এক কোটি ভোটারের নাম বাতিল হবে। সব মিলিয়ে , বর্তমানে SIR নিয়ে তুঙ্গে , বাংলার রাজ্য রাজনীতি।







