পানীয় জলের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি জামুড়িয়ায়। রবিবার সকাল থেকে আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল মিলছে না এলাকায়। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও মেলেনি কোনও সুরাহা। শেষমেশ অসহায় গ্রামবাসীরা রাস্তায় নেমে অবরোধের পথই বেছে নেন।
অবরোধের জেরে সকাল থেকেই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যতদিন না পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।







