রাজ্য

বাংলায় শুরু বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR): প্রথম দিনেই পৌঁছল ১৮ লক্ষেরও বেশি ফর্ম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive Revision (SIR)-এর কাজ শুরু হয়েছে রাজ্যজুড়ে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরের তথ্য অনুযায়ী, বিএলও (BLO) অভিযানের প্রথম দিনেই ১৮ লক্ষেরও বেশি ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে। এই কর্মসূচি চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

রাজ্যজুড়ে মোট ৮০ হাজার ৬৮১ জন বিএলও এবং অতিরিক্ত ১৪ হাজার কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই এবং ফর্ম পূরণের কাজ করছেন। পশ্চিমবঙ্গের মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে যাঁদের নাম ইতিমধ্যেই তালিকায় রয়েছে, তাঁদের শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্ম জমা দিতে হবে।

কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাড়ি বাড়ি সমীক্ষার সময় বিএলও বা বিএলএ কেউই কোনো নথি সংগ্রহ করবেন না। প্রতিটি ভোটারকে ফর্মের দুটি কপি দেওয়া হবে — একটি পূরণ করে বিএলও-এর কাছে জমা দিতে হবে এবং অন্য কপিতে বিএলও-এর স্বাক্ষর নিয়ে নিজের কাছে রাখতে হবে।

আসল বিএলও চেনার তিনটি উপায়

জাতীয় নির্বাচন কমিশন (ECI) বিভ্রান্তি এড়াতে আসল বিএলও চেনার তিনটি নির্দেশিকা জারি করেছে:
১. সরকারি পরিচয়পত্র: কমিশন-প্রদত্ত আইডি কার্ডে কিউআর কোড থাকবে। স্ক্যান করলে অফিসারের নাম, ফোন নম্বর ও বুথের তথ্য জানা যাবে।
২. এসআইআর কিট ব্যাগ ও নথিপত্র: বিএলওদের হাতে থাকবে বিশেষ কিট ব্যাগ, ছাপানো এনুমারেশন ফর্ম ও প্রয়োজনীয় নথি।
৩. সরকারি টুপি: কমিশনের দেওয়া বিশেষ ক্যাপ পরে থাকবেন তাঁরা।

এছাড়াও কমিশনের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে ‘Book a Call with BLO’ এবং ‘Connect with Election Officials’ বিকল্প ব্যবহার করে নিজের এলাকার বিএলও-র তথ্য যাচাই করা যাবে।

অনলাইন ফর্ম ফিল-আপ আপাতত বন্ধ

সিইও দফতর জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে ফর্ম পূরণের সুবিধা আপাতত বন্ধ রাখা হয়েছে। যদিও এই প্রক্রিয়াটি অতিরিক্ত সুবিধা মাত্র, তাই এর অস্থায়ী বন্ধে SIR প্রক্রিয়ায় বড় কোনো প্রভাব পড়বে না। অনলাইন ব্যবস্থা কবে স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনিক সদর, ব্লক ও বুথ পর্যায়ে নজরদারি চলছে। কমিশন সূত্রে খবর, তথ্য যাচাই ও সংশোধনের এই বিশাল প্রক্রিয়া শেষ হবে ৪ ডিসেম্বর, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের শুরুতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.