প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। এই গৌরবময় অর্জনের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) তাঁকে জমকালো সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, এই বিশেষ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে।দেশের মাটিতে বিশ্বকাপ জেতাতে রিচা ঘোষের অবদান ছিল অনস্বীকার্য। বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনালে তাঁর চাপের মুখে কার্যকরী ‘ক্যামিও’ ইনিংসগুলি ভারতের জয়কে সহজ করে তুলেছিল। তাঁর এই পারফরম্যান্সের স্বীকৃতি দিতেই সিএবি চলতি সপ্তাহের শেষের দিকে সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।
সিএবি সূত্রে খবর, সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি একটি ব্যাট উপহার হিসাবে তুলে দেওয়া হবে। এর আগে মনোজ তিওয়ারিকে রাজ্য দল থেকে অবসর নেওয়ার সময় একই ধরনের উপহার দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর হাত দিয়েই এই মূল্যবান উপহারটি রিচাকে দেওয়া হতে পারে। সিএবি ৭ নভেম্বর অনুষ্ঠান করতে চাইলেও, রিচার পরিবারের অনুরোধে ৮ নভেম্বর তারিখটি নিয়েও আলোচনা চলছে। অন্যদিকে, রিচার নিজের শহর শিলিগুড়িও তৈরি হচ্ছে ঘরের মেয়েকে বিপুল সংবর্ধনা জানাতে। মেয়র গৌতম দেব ঘোষণা করেছেন, “রিচা ফিরলেই আমরা তাঁকে নাগরিক সংবর্ধনা দেব। বিমানবন্দর থেকে রিচার বাড়ি পর্যন্ত তাঁকে হুডখোলা জিপে নিয়ে আসার আয়োজন করা হচ্ছে।” দীনবন্ধু মঞ্চে স্থানীয় ক্লাবগুলিকে নিয়ে এই সংবর্ধনার ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে, বিশ্বজয়ী মেয়ের প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে গোটা বাংলা।







