বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি। আজ বুধবার তাঁর জন্মদিন পালন করছেন তাঁর অগণিত ভক্ত। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন বিরাট। তাঁর বর্ণময় কেরিয়ারে যেমন সাফল্য এসেছে, তেমনই তিনি পেয়েছেন বহু মূল্যবান পুরস্কার ও সম্মান।
এক নজরে দেখে নেওয়া যাক ‘রানমেশিন’ কোহলির ঝুলিতে থাকা কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার:
দেশের সেরা ক্রীড়া সম্মান
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন: ২০১৮ সালে দেশের ক্রীড়াক্ষেত্রে সেরা পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন বিরাট কোহলি। তিনি হলেন দেশের তৃতীয় ক্রিকেটার, যিনি এই সম্মান পেলেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে ২,৮১৮ রান করার সুবাদে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
পদ্মশ্রী: ২০১৭ সালে অসামরিক ক্ষেত্রে দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পেয়েছেন এই তারকা। ২০১৬ সালে ক্রিকেটের সব ফর্ম্যাটে ১,২১৫ রান করে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে এক নম্বরে নিয়ে যাওয়ার সুবাদেই তিনি এই সম্মান পান।
আইসিসি-র বিরল সম্মান
দশকের সেরা ক্রিকেটার: ২০২০ সালে বিরাট কোহলি মর্যাদাপূর্ণ স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে ‘দশকের সেরা ক্রিকেটার’ নির্বাচিত হন। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত টেস্ট, ওডিআই, টি-২০ ফর্ম্যাটে ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের জন্যই তিনি এই বিরল সম্মান পেয়েছিলেন।
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার: ২০১৭ এবং ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি পরপর দু’বছর আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।
ওডিআই ফর্ম্যাটে সেরা: ওয়ানডে ক্রিকেটে বিরাটের শ্রেষ্ঠত্ব বারবার প্রমাণিত হয়েছে। ২০১২, ২০১৭, ২০১৮ এবং ২০২৩—মোট চারবার তিনি ওডিআই ফর্ম্যাটে আইসিসি-র বিচারে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে তাঁর পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য।
অধিনায়ক হিসেবে কেরিয়ার শুরু হয়েছিল বিশ্বকাপ দিয়ে। ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন বিরাট কোহলি। এরপর ২০১১ সালে ভারতের সিনিয়র দলের হয়ে তিনি ওডিআই বিশ্বকাপ জেতেন। এছাড়া, ২০১৩ এবং ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সর্বশেষ, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন বিরাট।







