জেলাস্বাস্থ্য

বারাসাত মেডিক্যাল কলেজে ফের টিকা জটিলতা! কুকুর-বিড়াল কামড়ে বিপাকে সাধারণ মানুষ

বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল। হাসপাতালের মূল ফটকে স্পষ্ট করে লেখা— “কুকুর বিড়ালের ভ্যাকসিন হাসপাতালে নেই। এই সংক্রান্ত সমস্যায় বেলেঘাটা আইডিতে যেতে হবে।”

এই পোস্টার সামনে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিজন এবং সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, যখন বারাসাতের মতো গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজে প্রতিদিন শতাধিক মানুষ চিকিৎসার জন্য আসছেন, তখন কেন র‍্যাবিসের মতো জরুরি ভ্যাকসিন নেই?

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হাসপাতালের আশপাশে থাকা মানুষজন বলছেন, পোষা নয়, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুর বিড়ালের কামড়ে প্রতিদিনই বহু মানুষ বিপদে পড়ছেন। দ্রুত টিকা না পেলে তা প্রাণঘাতী হতে পারে। তবুও এই গুরুত্বপূর্ণ ওষুধটি মিলছে না, এমনকি হাসপাতালের বাইরে পোস্টার সাঁটিয়ে দায় সারা হচ্ছে!

অন্যদিকে, স্বাস্থ্য দফতরের একাংশের মতে, কেন্দ্রীয় সরবরাহে ঘাটতি এবং রাজ্যস্তরে বণ্টনজনিত সমস্যা এর কারণ হতে পারে। কিন্তু তাতে সাধারণ মানুষের সমস্যা কমছে না। চিকিৎসার জন্য বারাসাত থেকে শহরের বহু দূরে বেলেঘাটা আইডিতে ছুটতে হচ্ছে, তাও আবার জরুরি পরিস্থিতিতে।

এই ঘটনার জেরে বারাসাত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। এখন দেখার, কবে মিলবে প্রয়োজনীয় এন্টি-র‍্যাবিস ভ্যাকসিন, আর কবে শেষ হবে সাধারণ মানুষের এই দুর্ভোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.