দেশস্বাস্থ্য

কর্ণাটকে হৃদরোগে মৃত্যু: আতঙ্কে সাধারণ মানুষ, হাসপাতালগুলিতে রেকর্ড ভিড়

কর্ণাটকে সম্প্রতি একের পর এক হৃদরোগে মৃত্যুর ঘটনা আলোড়ন ফেলেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই মধ্যবয়সী হলেও, ২০ বছর বয়সের কিছু তরুণ-তরুণীরও মৃত্যুর খবর মিলেছে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। আতঙ্কে সাধারণ মানুষ ছুটে যাচ্ছেন হাসপাতালে, নিজ নিজ হৃদযন্ত্রের অবস্থা জানার জন্য। হাসপাতালগুলিতে নজিরবিহীন ভিড়।

মহীশূরের বিখ্যাত জয়দেব হৃদরোগ হাসপাতালে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে হাসপাতালের বহির্বিভাগে উপচে পড়া মানুষের ছবি। অনেকে ভোররাত কিংবা মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন শুধুমাত্র ডাক্তার দেখাতে। প্রত্যেকের মধ্যেই একটাই প্রশ্ন – “আমার হার্ট ঠিক আছে তো?”

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডঃ কে এস সদানন্দ জানিয়েছেন, কর্ণাটকের হাসান জেলায় হৃদরোগে হঠাৎ করে মৃত্যুর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মধ্যে ভয় ছড়িয়েছে। তিনি সংবাদমাধ্যমকে বলেন,” শুধুমাত্র একবার হৃদযন্ত্র পরীক্ষা করেই পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। বরং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং শরীরচর্চাই সুস্থ থাকার চাবিকাঠি।”

রিপোর্ট অনুযায়ী, গত ৪০ দিনে শুধুমাত্র হাসান জেলাতেই হৃদরোগে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। এই পরিসংখ্যান সামনে আসতেই বেঙ্গালুরু সহ আশপাশের অঞ্চলের হাসপাতালগুলিতে হার্ট চেকআপের জন্য মানুষের ঢল নামে। বেঙ্গালুরুর জয়দেব হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ শতাংশ।

জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ
চিকিৎসকরা মনে করিয়ে দিচ্ছেন হৃদরোগের ঝুঁকি কমাতে হলে শুধুমাত্র হাসপাতালমুখী হওয়া যথেষ্ট নয়। প্রয়োজন মানসিক শান্তি, নিয়মিত ব্যায়াম, পরিমিত আহার এবং যথাযথ ঘুম। এই পরিস্থিতিতে ডাক্তারদের পরামর্শ হল, আতঙ্ক নয় বরং সচেতনতা এবং সুস্থ জীবনধারাই হতে পারে একমাত্র প্রতিকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.