নীল সমুদ্রের বুকে প্রেম আর নতুন জীবনের ইঙ্গিত! মা হতে চলেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় স্বামী তুর্য সেন-এর সঙ্গে একটি রোম্যান্টিক ভিডিও শেয়ার করেই সুখবর জানালেন তিনি। থাইল্যান্ডে ছুটি কাটানোর ফাঁকেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত।
ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রের সামনে স্বামীকে জড়িয়ে চুম্বন করছেন রোশনি। আর সেই ভিডিওর মাধ্যমেই ইঙ্গিত দেন— তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
একসময় বাংলা ছোটপর্দার পরিচিত মুখ ছিলেন রোশনি। একাধিক ধারাবাহিকের পাশাপাশি শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। পরে দীর্ঘ বিরতি নিলেও, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক দিয়ে ফের টেলিভিশনে কামব্যাক করেছিলেন অভিনেত্রী। যদিও সেই ধারাবাহিক বেশি দিন চলেনি।
২০২২ সালে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেন রোশনি। দীর্ঘদিনের সম্পর্কের পর তুর্য সেনকে বিয়ে করেন তিনি। বিয়ের প্রায় চার বছরের মাথায় এবার জীবনের আরও এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন এই দম্পতি।
সাম্প্রতিক সময়ে অনেক তারকাই অভিনব উপায়ে মা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সেই তালিকায় এবার নাম লেখালেন রোশনিও। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি আবার অভিনয়ে ফিরবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।







