নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী মোনালিসা পাল রাজ্যের মধ্যে সম্ভাব্য নবম স্থান অধিকার করেছে। খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে মানুষের ঢল নেমেছে। সবাই তাকে শুভেচ্ছা জানাতে ও সম্বর্ধনা জানাতে উপস্থিত হচ্ছে তার বাড়িতে। তাকে শুভেচ্ছা ও সম্বর্ধনা জানালো জামালপুর লায়ন্স ক্লাব। ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট সুনীল পাল ও সেবা আই হসপিটালের চেয়ারম্যান প্রদীপ রায় সহ অন্যান্য সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে পুষ্প স্তবক একটি সংশাপত্র,মিষ্টি ও চকলেট দেওয়া হয় তাকে। মোনালিসার বাবা পেশায় একজন সেলসম্যান। অনেক কষ্ট করেই মেয়েকে পড়াশুনা করিয়েছেন তিনি।
মোনালিসার উচ্চ শিক্ষায় যাতে কোনো বাধা বিঘ্ন না আসে তাই ক্লাবের পক্ষ থেকে তার পড়াশুনার খরচ বাবদ আগামী তিন বছর প্রতি মাসে তাকে ৫০০০ করে টাকা দেওয়া হবে। প্রদীপ বাবু জানান মনোলিসা শুধু জামালপুরের নয় সারা রাজ্যের গর্ব। তার পাশে দাঁড়ানো সকলের কর্তব্য। তাঁদের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর সামান্য প্রয়াস তাঁরা করেছেন। আগামীতে মোনালিসা আরো এগিয়ে যাক,আরো সাফল্য পাক এই কামনা করেন তিনি। লায়ন্স ক্লাবের এই কাজের প্রশংসা করছে এলাকার মানুষ।







