ময়নার রাস উৎসবের মঞ্চ থেকে আবারও শাসক দলকে তীব্র আক্রমণে শান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে যখন উত্তপ্ত আলোচনা, ঠিক তখনই শুভেন্দুর অভিযোগ— “পিসি-ভাইপো নিজেরাই SIR ফর্ম ফিলাপ করে জমা দিয়েছে, অথচ সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে পরিকল্পিতভাবে।” তার দাবি, সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ ছড়িয়ে রাজনৈতিক লাভ তুলতেই এমন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল।
SIR আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে বলে দাবি উঠছে, সেই পরিবারগুলির বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকেও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “গাছ থেকে পড়ে মরুক, সাপ কেটে মরুক— সবকিছুকেই শাসকদল SIR আতঙ্ক বলবে? এ সব ঢপবাজি আর কতদিন চলবে?”
শুধু SIR নয়, গত তিন মাস ধরে ময়নার দুটি গ্রাম পঞ্চায়েতে প্রায় ১২ হাজার মহিলা উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ থাকার বিষয়েও ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর মন্তব্য, “লক্ষ্মীর ভান্ডারের টাকা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই টাকা আদায় না করতে পারলে আমি শুভেন্দু অধিকারী নই— কান ধরে আদায় করব।”







