এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথাও মৃত্যু, কোথাও অসুস্থতা, আবার কোথাও মানসিক চাপে ভুগছেন বহু মানুষ। এবার সেই আতঙ্কের বলি হলেন কালনার মহাপ্রভু পাড়া এলাকার বাসিন্দা ক্ষিতীশ শর্মা (৫৬)। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নিজের নাম না থাকার ভয়েই স্ট্রোক হয়েছে তাঁর।
পরিবারের দাবি, ক্ষিতীশবাবু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। এসআইআর নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দিন দিন বেড়ে যাচ্ছিল তাঁর মধ্যে। গত ২৯ অক্টোবর আচমকাই স্ট্রোক হলে তাঁকে ভর্তি করা হয় কালনা হাসপাতালে। বর্তমানে তিনি বাড়িতে বেড রেস্টে রয়েছেন। চিকিৎসকদের নির্দেশ, অন্তত মাস দেড়েক তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
মেয়ের বক্তব্য, “বাবা খুব চিন্তায় ছিলেন। বারবার বলতেন ভোটার তালিকায় নাম নেই, কী হবে বুঝতে পারছি না। এখন সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। সরকারি সাহায্য চাইছি।”
পরিবার ইতিমধ্যেই উপপ্রধান ও কালনা এক নম্বর ব্লকের বিডিও দফতরে আবেদন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষিতীশবাবু বহু বছর ধরে কালনায় ভাড়া থাকেন। ২০০২ সালের তালিকায় তাঁর নাম নেই। ছোটবেলায় বাবা-মা মারা যাওয়ায় তাঁদের সঙ্গেও কোনো অফিসিয়াল লিঙ্ক পাওয়া যায়নি। এই কারণেই তিনি ভয় পাচ্ছিলেন যে নাম বাদ পড়লে ভবিষ্যতে সমস্যা হতে পারে।
ক্ষিতীশবাবু নিজেও বলেন, “আমার তো বাবা-মা কেউ নেই। এক ভদ্রলোক আমাকে ছোটবেলায় কালনায় এনেছিলেন। এখানেই মানুষ হয়েছি। কিন্তু অনেকে বলল, তোর নাম নেই তালিকায়, তোর মেয়েদের কী হবে? তখন থেকেই চিন্তা শুরু হয়।”
ঘটনাটি ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, “এসআইআরের নাম করে কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।” অন্যদিকে, বিরোধীরা বলছে, “এটাই প্রমাণ, সাধারণ মানুষ এখন প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছেন।”
কালনার এই ঘটনাই দেখিয়ে দিচ্ছে, এসআইআর আতঙ্ক এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, সাধারণ মানুষের মনেও গভীর ছাপ ফেলছে।







