জেলা

গেঁওখালিতে জল প্রকল্পে শ্রমিক বিক্ষোভ, আটকে আধিকারিকরা — দুই বছর ধরে সিওডি না হওয়ায় উত্তেজনা চরমে

পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের গেঁওখালী জল প্রকল্পে শনিবার সকাল থেকে উত্তেজনা। দুই বছর ধরে সিওডি (COD) না হওয়ায় ক্ষোভে ফুঁসছে কর্মরত শ্রমিকরা। সকাল থেকেই প্রকল্পের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তারা।

বিক্ষোভের ফলে আধিকারিক ও টেকনিক্যাল কর্মীরা কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। এর জেরে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকও বাতিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

শ্রমিক পূর্ণেন্দু গিরি বলেন, “শেষ সিওডি হয়েছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। তার পর থেকে আমরা বারবার আবেদন জানিয়েছি, কিন্তু কোনও উত্তর পাইনি। তাই বাধ্য হয়েই আমরা বিক্ষোভে বসেছি। যদি দাবি না মানা হয়, তাহলে কাজ বন্ধ রেখে অনির্দিষ্টকালের আন্দোলনে যাব।”

অন্যদিকে, কারখানার টেকনিক্যাল আধিকারিক শেখ আবুল কালাম আজাদ জানান, “আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ মিটিংগুলি করা যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এই মুহূর্তে জল সরবরাহ পরিষেবা সচল থাকলেও শ্রমিকদের হুঁশিয়ারি— দাবি পূরণ না হলে যেকোনও মুহূর্তে তা বন্ধ করে দেওয়া হবে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.