খেলাধুলা

রাসেল–বেঙ্কটেশকে ছাড়ল কেকেআর, বড়সড় রদবদলে নতুন অধ্যায় শুরু

নিজস্ব সংবাদদাতা: অবশেষে আন্দ্রে রাসেল অধ্যায়ের ইতি টানল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ দশ বছরের সম্পর্ক ছিন্ন করে এই আইপিএল মৌসুমের আগেই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ছেড়ে দিল কেকেআর। শনিবার প্রকাশিত আইপিএলের রিটেনশন তালিকায় নেই রাসেলের নাম। একই পথে হাঁটল বেঙ্কটেশ আয়ার–কেকেআর ছেড়ে দিল ২৩.৭৫ কোটি টাকার এই ক্রিকেটারকেও।

২০১৪ সালে রাসেলকে দলে নেয় কেকেআর। এক দশকে তিনি খেলেছেন ১৪০টি ম্যাচ, করেছেন ২৬৫১ রান, নিয়েছেন ১২৩ উইকেট। তবুও গত কয়েক মৌসুমে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। ব্যাটে নিষ্প্রভ, বোলিংয়েও ধারাবাহিকতা নেই। দলের ‘বোঝা’ হয়ে ওঠার অভিযোগ থেকে বাঁচতে পারেননি তিনি। শেষমেশ ছোট নিলামের আগে কঠিন সিদ্ধান্ত নিল কেকেআর ম্যানেজমেন্ট।

বেঙ্কটেশ আয়ারকেও ছেড়ে দেওয়া হয়েছে। ২০২১ সালে কেকেআরের ফাইনালে পৌঁছনো সেই দুর্দান্ত মৌসুমের নায়ককে গতবার মহা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় দলে ফেরায় শাহরুখের দল। কিন্তু গত মরসুমে তাঁর পারফরম্যান্স আশানুরূপ হয়নি। নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়ায় তাঁকেও ছেড়ে একটি বড় তহবিল তৈরি করেছে কেকেআর। তবে ছোট নিলামে অনেক কম দামে তাঁকে ফের কিনতে পারে দল।

বিদেশি ক্রিকেটারদের তালিকাতেও রদবদল বড়সড়। ছাড় দেওয়া হয়েছে মইন আলি, অনরিখ নোখিয়া, কুইন্টন ডি’কক, রহমানুল্লাহ গুরবাজ় এবং স্পেন্সার জনসনকে।
অন্যদিকে ধরে রাখা হয়েছে অজিঙ্ক রাহানে-সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে—অভিজ্ঞতায় ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

কেকেআরের রিটেনশন তালিকা:
অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

ফাঁকা জায়গা: ১৩ (তার মধ্যে ৬ বিদেশি স্লট)

ছোট নিলামের আগে কেকেআরের এই পুনর্গঠন স্পষ্ট—দল চাইছে নতুন শুরু। বড় নাম নয়, প্রয়োজন কার্যকরী পারফরম্যান্স। এবার নিলামে কোন নতুন মুখেরা কেকেআরের ভবিষ্যৎ গড়ে তুলবেন, সেদিকেই নজর ক্রিকেটবিশ্বের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.