রাজনীতি

‘ফিতে হাতে মাপজোক নয়, কাজ করবেন বিশেষজ্ঞরাই’—২১ জুলাইয়ের প্রস্তুতিতে কটাক্ষ ঋতব্রতের,মঞ্চ পরিদর্শনে ফিরহাদ-চন্দ্রিমারা

২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের আবহে এবার প্রস্তুতি পর্বেও বাড়ল রাজনৈতিক চাপানউতোর। সোমবার ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে অনুষ্ঠানস্থল পরিদর্শনে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম-সহ নব তৃণমূলের নেতৃত্ব। সমাবেশের মঞ্চ কোথায় হবে এবং কীভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে, তা নিয়েই এদিন প্রাথমিক আলোচনা হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ার্স ক্লাব সংলগ্ন মাঠেই মূল মঞ্চ তৈরি করার পরিকল্পনা হয়েছে। মঞ্চটি থাকবে এমনভাবে, যাতে তার মুখ থাকে গান্ধীমূর্তি ও মেয়ো রোডের দিকে। চূড়ান্ত নকশা অবশ্য ডেকোরেটর সংস্থার সঙ্গে আলোচনার পরই নির্ধারণ করা হবে।

পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নিজে ফিতে হাতে মাপজোক করার মানুষ নন। তাঁর কথায়, এ ধরনের কাজ বিশেষজ্ঞদেরই করা উচিত। ডেকোরেটর সংস্থার প্রতিনিধিরা এলেই তাঁদের সঙ্গে আলোচনা করে মঞ্চের চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে।

ঋতব্রতের এই মন্তব্যকে রাজনৈতিক মহলের একাংশ কুণাল ঘোষকে উদ্দেশ্য করেই কটাক্ষ হিসেবে দেখছেন। কারণ, কয়েক দিন আগেই ২১ জুলাইয়ের অনুষ্ঠানস্থল পরিদর্শনের সময় কুণাল ঘোষকে ফিতে হাতে মাপজোক করতে দেখা গিয়েছিল। যদিও তাঁর নাম না করেই ঋতব্রত বলেন, “সব কাজ সবাই পারে না। যে কাজ যার দক্ষতার, সেই কাজ তাকেই করতে দেওয়াই উচিত।”

উল্লেখ্য, ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচির অনুমতি না মেলায় কালীঘাট তৃণমূল ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে, নব তৃণমূল নবান্নের অনুমতি নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে সমাবেশের প্রস্তুতি শুরু করেছে। ফলে একই দিনের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.