বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন পালক যোগ করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্ট খেলতে নেমে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র একাদশ ক্রিকেটার হিসেবে এই বিরল নজির গড়লেন মুশফিকুর।প্রথম দিনের খেলা শেষে মুশফিকুর রহিম ৯৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে আর বেশি অপেক্ষা করতে হয়নি। জর্ডান নিলের বলে সিঙ্গল নিয়ে তিনি তাঁর ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টে এই কৃতিত্ব অর্জন করেন। যদিও সেঞ্চুরির পরই তিনি ২১৪ বলে ১০৬ রান করে সাজঘরে ফেরেন। তাঁর এই ধৈর্যশীল ইনিংসে ছিল পাঁচটি চারের মার।
মুশফিকুর একা নন, লিটন দাসও (১০৬) সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই দুই তারকার ইনিংসে ভর করে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে বড় স্কোর গড়ার পথে রয়েছে। মুশফিকুরের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৫ সালে।
শততম টেস্টে সেঞ্চুরি করার এই তালিকায় মুশফিকুর যোগ দিলেন কলিন কাউড্রে (যিনি ১৯৬৮ সালে প্রথম এই রেকর্ড গড়েন), জাভেদ মিয়াঁদাদ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, গ্রেম স্মিথ এবং জো রুটের মতো কিংবদন্তিদের পাশে। উল্লেখ্য, এই তালিকায় একমাত্র রিকি পন্টিংই ২০০৬ সালে শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।মুশফিকুরের এই মাইলফলক স্পর্শ করায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ শাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়ায় শাকিব আবেগপূর্ণ বার্তা দিয়ে লেখেন”লর্ডসে তোমার খেলা প্রথম টেস্ট ম্যাচের দৃশ্য এখনও আমার মনে আছে। তুমি সব সময় নিজের সেরাটা দিয়েছো। বয়সভিত্তিক দলের নেতৃত্ব দেওয়ার সময় থেকেই তুমি আমার অধিনায়ক ছিলে। ভবিষ্যতে যতদিন খেলব, তুমিই আমার অধিনায়ক থাকবে।”
শাকিবের এই বার্তা মুশফিকুরের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রতিফলন ঘটায়।






