বাংলা ফুটবলের সফলতম অধ্যায়ের নবীকরণ। সন্তোষ ট্রফির মঞ্চে পরপর দ্বিতীয়বার বাংলার কোচ হিসেবে দায়িত্ব পেলেন সঞ্জয় সেন। বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির বৈঠকে সর্বসম্মত মতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি এবং সহ-সচিব রাকেশ ঝাও।
গত বছর সঞ্জয় সেনের প্রশিক্ষণে রবি হাঁসদাদের হাত ধরে ভারতসেরা হয়েছিল বাংলা—নয় বছর পর সন্তোষ ট্রফির শিরোপা ফিরেছিল রাজ্যে। সেই সাফল্যের পরই কোচের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে সংগঠনের। আই লিগজয়ী কোচকে আবারও দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে ‘স্বাভাবিক’ বলেই মনে করছে ফুটবলমহল।
এবার সরাসরি মূলপর্বে খেলবে বাংলা। যদিও টুর্নামেন্ট কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ৫ জানুয়ারি থেকে শুরু হবে সন্তোষ ট্রফির মূল লড়াই। তার আগে দ্রুতই অনুশীলন শুরু করবে রাজ্য দল। শুক্রবারই সঞ্জয় সেন আইএফএ-কে জানাবেন প্রাথমিক ট্রায়ালের দিনক্ষণ। ফুটবলারদের সংখ্যা আগের তুলনায় বেশি হবে বলেই মনে করছেন তিনি, ফলে বাছাই প্রক্রিয়াও হবে আরও কঠোর।
সন্তোষজয়ী কোচ প্রথম সারির এক নিউজ চ্যানেল কে বলেন, “ট্রফি ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ। আমাদের জীবনে চ্যালেঞ্জ লেগেই থাকে—এবারও তাই। অন্যান্য দল কোয়ালিফিকেশন রাউন্ড খেলে আসবে, ফলে ম্যাচে থাকার সুবিধা তাদের থাকবে। আমাদের সে দিকেও নজর রাখতে হবে। গত বছরের অভিজ্ঞতা অবশ্য বড় সহায়ক।”
গত বছর সন্তোষজয়ী ফুটবলারদের চাকরি দিয়েছিল রাজ্য সরকার। ফলে এবছর খেলোয়াড়দের আগ্রহ আরও বাড়বে, তা স্পষ্ট। আবারও কি সঞ্জয় সেনের হাত ধরেই ভারতসেরা হবে বাংলা? ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে সেই পথচলার দিকেই।







