ক্রাইম

শৈশবের সেই ক্ষতই কি কাল হল? দাদুর মৃত্যুর ঘটনায় নাতনিকে ঘিরে চাঞ্চল্য

মধ্যপ্রদেশের ইনদওরে বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ৭৫ বছরের দাদুর মৃত্যুর ঘটনায় ২০ বছরের নাতনিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তরুণীর দাবি, ছোটবেলায় ওই দাদুর কাছেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। বহু বছর পর সেই পুরনো ঘটনার আক্রোশ থেকেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছে জানিয়েছেন তরুণী।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে বাড়িতে বৃদ্ধ গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে তাঁর নাতনির ভূমিকার কথা জানতে পারে পুলিশ।

অতিরিক্ত পুলিশ কমিশনার অশোক সিংহ জাডোন জানিয়েছেন, ছোটবেলায় মা-বাবা, দাদু ও ঠাকুমার সঙ্গে একই বাড়িতে থাকতেন ওই তরুণী। তাঁর অভিযোগ, সেই সময় দাদু তাঁর সঙ্গে অশালীন আচরণ করতেন। কিশোরী বয়সে একাধিক বার বাবা-মাকে বিষয়টি জানিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি। পরে মা-বাবা তাঁকে নিয়ে অন্যত্র থাকতে শুরু করেন।

পুলিশের দাবি, শনিবার রাতে দেরি করে বাড়ি ফেরাকে কেন্দ্র করে বাবা-মায়ের সঙ্গে তরুণীর কথা কাটাকাটি হয়। সেই সময়ই শৈশবের পুরনো ঘটনাগুলি ফের মনে পড়ে যায় তাঁর। এরপর দাদুর বাড়িতে গিয়ে বৃদ্ধের সঙ্গে তাঁর সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শৈশবে যৌন হেনস্থার যে অভিযোগ তিনি তুলেছেন, সেটির সত্যতা-সহ গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.