রাতের অন্ধকারে এক অন্ধ অসহায় বৃদ্ধের উপর পাশবিক অত্যাচার। যা সারা ভারতবর্ষের মানুষকে আরোও একবার ভাবাচ্ছে আমাদের দেশের মানুষ এখনও কোন বর্বরতার জালে জড়িয়ে রয়েছে। কর্ণাটক রাজ্যের কাপ্পাল জেলার গঙ্গাবতী শহরে ঘটনা।
এক মুসলিম অন্ধ বৃদ্ধকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে চললো পাশবিক অত্যাচার। সূত্রের খবর রাতের বেলায় রাস্তা দিয়ে ফিরছিলেন ওই ৬২ বছরের বৃদ্ধ। পথে তাকে আটক করে দুই দুষ্কৃতী। দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। বৃদ্ধের কাছে থাকা সমস্ত টাকাপয়সা তারা ছিনিয়ে নেয়।
এর পর তাকে জয় শ্রী রাম বলার জন্য চাপ দেওয়া হয়, এমনকি বেধড়ক মারধরও করা হয়। মাথায় মেরে মদের বোতল ভাঙা হয়, এমনকি ভাঙা মদের বোতল দিয়ে দাড়ি কেটে নেবার হুমকি দেওয়া হয়। সর্বশেষে নিজেদের বর্বরতার চূড়ান্ত পরিচয় দিয়ে ওই মদ্যপ দুই দুষ্কৃতী বৃদ্ধের দাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাটি ঘটেছিলো ২৫ শে নভেম্বর রাতে। কিন্তু ঘটনা এতটাই পাশবিক ছিল যে বৃদ্ধ ভয়ে থানায় জানাননি। তাকে প্রাণে মেরে দেবার হুমকি দিয়েছিল ঐ দুই দুষ্কৃতী। অবশেষে ঘটনার তিনদিন বাদ ওই বৃদ্ধ থানায় অভিযোগ জানান।
কাপ্পালের পুলিশ সুপার যশোদা ভান্তাগড়ি জানিয়েছেন , দুষ্কৃতীদের এখনও পর্যন্ত ধরা যায়নি। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। লুটপাট নাকি সাম্প্রদায়িক হানাহানির কি কারণ টা খতিয়ে দেখছেন পুলিশ।







