জেলা

ধৌলি এক্সপ্রেসে চাঞ্চল্য: দিনের আলোয় ছিনতাইকারীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গেলেন মহিলা যাত্রী, কাটা পড়ল ডান হাতের অর্ধেক

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাছে ভোগপুর স্টেশনের নিকটে রবিবার ঘটে গেল নজিরবিহীন দুঃসাহসিক ছিনতাই-কাণ্ড। হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেসে ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ট্রেন থেকে ধাক্কা খেয়ে পড়ে মারাত্মকভাবে জখম হলেন কলকাতার বাসিন্দা সরমা হাজরা। দুর্ঘটনায় তাঁর ডান হাতের অর্ধেক অংশ কেটে যায়। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

ঘটনায় ধৃত দুই অভিযুক্তকেই লাফিয়ে পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের তৎপরতায় পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রেল পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

পুলিশ ও রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার ধৌলি এক্সপ্রেসে হাওড়া থেকে উঠেছিলেন সরমা হাজরা ও তাঁর স্বামী। খড়্গপুরে নেমে অন্য ট্রেনে বিষ্ণুপুর যাওয়ার কথা ছিল তাঁদের। ট্রেনটি ভোগপুরের কাছে পৌঁছনোর সময় সরমার স্বামী শৌচাগারে ছিলেন। সেই সময়ই একলা মহিলা যাত্রীকে লক্ষ্য করে দুই ছিনতাইকারী ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রতিহত করলে তাঁর গলার হারও ছিনিয়ে নিতে উদ্যত হয় দুষ্কৃতীরা।

ধস্তাধস্তির মাঝেই সরমাকে ট্রেন থেকে ঠেলে ফেলার চেষ্টা করা হয়। হাতটি দরজায় আটকে যাওয়ায় কিছু দূর পর্যন্ত ট্রেনের সঙ্গে ঝুলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত হাতের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে রেললাইনে পড়ে যান।

স্থানীয় কৃষক ও যুবকরা চিৎকার শুনে ছুটে এসে ওই দুই দুষ্কৃতীকে ট্রেন থেকে লাফানোর পর ধরে ফেলে উত্তমমধ্যম দেয়। পরে আরপিএফ এসে তাঁদের হেফাজতে নেয়। আহত সরমাকে প্রথমে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়।

পাঁশকুড়া জিআরপি থানার এসআই জিয়াউল হক জানান, ধৃত দুই অভিযুক্ত—সামসাদ মহম্মদ এবং মহম্মদ ইমরান—দু’জনেই হাওড়ার বাসিন্দা, বয়স ২২–২৩ বছর। তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা রুজু হয়েছে এবং সোমবার তমলুক আদালতে পেশ করা হবে। রেলের তরফে আহত মহিলার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ঘটনাটি দিনের আলোয় একটি এক্সপ্রেস ট্রেনে যাত্রীসুরক্ষার বড়সড় ফাঁক তুলে ধরেছে। খড়্গপুর ডিভিশনের জিআরপি এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, “দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”

যাত্রীদের নিরাপত্তার ওপর ফের প্রশ্ন উঠেছে—প্রশাসন কতটা প্রস্তুত দ্রুতগতির ট্রেনে ঘটে যাওয়া এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামলাতে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.