পার্কস্ট্রিট ও অ্যাক্রপলিস মলের পর এবার গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আজ অর্থাৎ শনিবার সপ্তাহান্তে ভোর ৪টে নাগাদ। ৫ নম্বর গার্স্টিন স্ট্রিটে ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা, ওই পুরনো বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন। আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে, দমকলের আধিকারিকদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এরপর ঘটনাস্থলে মোট দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। এখনো বেশ কিছু পকেট ফায়ার রয়েছে। সেইগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে উপস্থিত হেয়ার স্ট্রিট থানার পুলিশও।
ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে। ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল। বাড়ির উপরের তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গিয়েছে।
দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের অনুমান। শনিবার, ছুটির দিনে কীভাবে এসি চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রে খবর, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটি। তবে কেউ থাকতেন না এই বাড়িতে। অফিস হিসাবেই ভাড়া দেওয়া হত। ফাঁকা বাড়িতে কীভাবে আগুন লাগল।







