খেলাধুলা

ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা, ঘরোয়া ফুটবলেই ভরসা এআইএফএফ-এর

নিয়মিত হারের হতাশা, কোচহীন দলে ভবিষ্যৎ অনিশ্চয়তা আর ফেডারেশনের টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যখন ভারতীয় ফুটবল এক রকম চাপে, ঠিক তখনই এল এক বড় ঘোষণা—জাতীয় দলের হাল ধরতে চলেছেন খালিদ জামিল। শুক্রবার দিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) যৌথ বৈঠকের পর তাঁর নাম চূড়ান্ত করা হয় পুরুষ দলের প্রধান কোচ হিসেবে।

মানোলো মার্কেজ বিদায় নেওয়ার পর থেকেই ভারতীয় দলের কোচ পদ শূন্য ছিল। কে হবেন পরবর্তী কোচ, তা ঘিরে তৈরি হয়েছিল জল্পনার ঝড়। টেকনিক্যাল কমিটি তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল—স্টিফেন কনস্টানটাইন, স্লোভাকিয়ার স্টেফান তারকোভিচ এবং খালিদ জামিল। শেষপর্যন্ত বাজিমাত করলেন অভিজ্ঞ দেশীয় কোচ খালিদ।

বিদেশি কোচ আনতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়—এই মুহূর্তে যা ফেডারেশনের পক্ষে সম্ভব নয়। সেই বাস্তবতাই খালিদের পক্ষে কাজ করেছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ঘরোয়া ফুটবলে খালিদ জামিলের সাফল্য নতুন কিছু নয়। আইজল এফসি-কে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে নজির গড়েছিলেন তিনি। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি-তে তাঁর কোচিং পারফরম্যান্স, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো ক্লাবের অভিজ্ঞতা—সব মিলিয়ে ভারতীয় ফুটবল এবং খেলোয়াড়দের সম্পর্কে খালিদের যথেষ্ট জ্ঞান ও সংযোগ রয়েছে।

জাতীয় দলের কোচ হিসেবে সেপ্টেম্বরেই তাঁর সামনে বড় পরীক্ষা—এশিয়ান কাপ বাছাই পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এবার দেখার, দেশীয় কোচের ছোঁয়ায় ভারতীয় ফুটবলের গতি ফেরে কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.