ভোটার কার্ডের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে যে আন্দোলন , তা এবার বাংলার গন্ডি পেরিয়ে পৌঁছালো রাজধানীতে । দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে জরুরি বৈঠকে বাংলার শাসকদলের প্রতিনিধি দল । ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে শুক্রবার সকালে তৃণমূলের ১০ সদস্যের এই প্রতিনিধি দল যায় কমিশনের দপ্তরে বৈঠক করতে ।
গত সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে , তৃণমূল এবার দিল্লির বুকে করবে SIR বিরোধী আন্দোলন । তিনিই এই ১০ সাংসদের টিমও গড়ে দেন । শুক্রবার সকালে , নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকে যায় , এই টিম ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া , এই ১০ জনের টিমে রয়েছেন , ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে।
উল্লেখ্য , নির্বাচন কমিশন প্রথমে জানিয়েছিল, ১০ জন নয় বৈঠকে যোগ দিতে পারবেন ৫ জন সাংসদ। যদিও শাসক দলের পক্ষে জানানো হয়, কমিশনের দপ্তরে যাবেন ১০ জন সাংসদই । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য চ্যালেঞ্জ করে বলেন, “যদি নির্বাচন কমিশনার সত্যিই স্বচ্ছ্ব হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদকে ভয় কীসের? খোলাখুলি বৈঠক করুন না। আমাদের কাছে পাঁচটা প্রশ্ন রয়েছে। লাইভ টেলিকাস্টে এই সোজাসাপ্টা পাঁচ প্রশ্নের জবাব দিন।”






