বিনোদন

পুরুষতান্ত্রিক সিনেদুনিয়ার বিরুদ্ধে তোপ মাধুরীর, নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য দূর করার দাবিতে সরব ‘ধক ধক গার্ল’

বলিউডে নায়ক-নায়িকার পারিশ্রমিক নিয়ে বৈষম্যের অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে এই ইস্যু। অভিনেত্রীদের মতে, শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, সুবিধা–অসুবিধা থেকে শুরু করে শুটিংয়ের পরিবেশ—সব দিক থেকেই পুরুষদের তুলনায় পিছিয়ে থাকেন তাঁরা। মাসখানেক আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার শুটিং শিফটের পক্ষে সওয়াল করে ফের একবার নাড়িয়ে দিয়েছিলেন ‘পুরুষতান্ত্রিক’ বলিউডকে। সেই বিতর্ক এখনও জারি রেখেই এবার সরব হলেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

নিজের মত স্পষ্ট করে মাধুরী বলেন, “শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, পারিশ্রমিক বৈষম্য প্রতিটি কর্পোরেট ক্ষেত্রেই দেখা যায়।” কেরিয়ারের শুরু থেকেই হিন্দি ছবির প্রথম সারির নায়ক—অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সলমন খান থেকে আমির খান পর্যন্ত—প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রীর ব্যাখ্যা, “নারী-পুরুষের পারিশ্রমিকে এই বৈষম্য চিরকালীন। অনেকেই বহু বছর ধরে এর বিরুদ্ধে লড়াই করছেন। নায়িকাদেরও প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক বাড়ানো প্রয়োজন। আমি বলছি না, পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক দিতে হবে, কিন্তু একটি ন্যায্য সমতা বজায় রাখা জরুরি।”

দীপিকারের দাবি করা আট ঘণ্টার শুটিং শিফট নিয়েও মত দিয়েছেন মাধুরী। তাঁর মন্তব্য, “‘মিসেস দেশপাণ্ডে’ ছবির সময় আমরা প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ করতাম, আরও বেশি সময়ও লেগেছে। আমি কাজপাগল বলে বিষয়টি অন্য দৃষ্টিতে দেখি। কিন্তু কোনও নায়িকা যদি নিজের সীমা নির্ধারণ করে বলতে পারেন যে তিনি কত ঘণ্টা কাজ করবেন, তা তাঁর সাহস ও ক্ষমতার পরিচয়।”

তিনি আরও বলেন, “কাজের সময়সীমা বেছে নেওয়া প্রত্যেক শিল্পীর ব্যক্তিগত অধিকার। কাউকে জোর করে কোনও নির্দিষ্ট সময় চাপিয়ে দেওয়া ঠিক নয়।” নারীর স্বাধীনতা ও পেশাদার নিরাপত্তার প্রশ্নে এ ভাবেই ফের সরব হলেন বলিউডের ‘ধক ধক গার্ল’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.