রবিবার দুবাইতে ভারতীয় স্পিনারদের জালে জড়িয়ে গেল নিউজিল্যান্ড। বরুণ চক্রবর্তীর বিধ্বংসী স্পেলের সামনে ২০৫ রানে গুটিয়ে গেল কিউয়িরা, ৪৪ রানে জয়ী হয়ে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল টিম ইন্ডিয়া।
দুবাইয়ের মাঠে শুরুটা মোটেও সহজ ছিল না ভারতের জন্য। নিউজিল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিংয়ে বিপর্যস্ত হয়ে যায় শুরুর ব্যাটিং লাইনআপ। মাত্র ৩০ রানের মধ্যে হারায় শুভমন গিল (২), রোহিত শর্মা (১৫) ও বিরাট কোহলির (১১) উইকেট। বিশেষত, গ্লেন ফিলিপ্সের দুরন্ত ক্যাচে ফিরে যেতে হয় কোহলিকে, যার ঝাঁপানো দক্ষতা ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। এরপর ভারতীয় ইনিংসের হাল ধরেন শ্রেয়স আয়ার (৭৯) ও অক্ষর পটেল (৪২), যারা ৯৮ রানের মূল্যবান জুটি গড়েন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে অক্ষরের আত্মঘাতী শট দলের বড় স্কোর গড়ার সম্ভাবনা কমিয়ে দেয়। শেষ দিকে হার্দিক পাণ্ডিয়ার (৪৫) লড়াই ভারতকে ২৪৯ রানে পৌঁছে দেয়।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি পাঁচটি উইকেট নেন, তবে ফিলিপ্স ও কেন উইলিয়ামসনের অতিমানবীয় ফিল্ডিংয়ের কৃতিত্ব না দিলে পূর্ণ চিত্র বোঝা যাবে না।
জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই স্পিন-বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। বরুণ চক্রবর্তীর ঘূর্ণি বুঝতেই পারেননি কিউয়ি ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন কেবল কেন উইলিয়ামসন (৮১), যিনি একাই লড়াই চালিয়ে যান। কিন্তু সঙ্গীদের একের পর এক ব্যর্থতায় ২০৫ রানের বেশি যেতে পারেনি নিউজিল্যান্ড। বরুণ একাই ৫ উইকেট তুলে নিয়ে ভারতীয় জয়ের ভিত গড়ে দেন।
এই জয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত, আরেকবার ট্রফি জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল রোহিত শর্মার দল। মূলত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া। বলতো সেই ম্যাচকে ঘিরেই এখন উত্তেজনার পারদ চড়ছে। উল্টোদিকে চ্যাম্পিয়ন্স ট্রফের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড।







