ধারাবাহিক মানসিক চাপে শেষ পর্যন্ত আত্মঘাতী হলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী। বেঙ্গালুরুর নাল্লুরাহল্লি এলাকায় বৃহস্পতিবার উদ্ধার হয় ৩৮ বছর বয়সি মুরলী গোবিন্দরাজুর দেহ। তাঁর পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে দশ পাতার একটি সুইসাইড নোট, যেখানে সরকারি আধিকারিক-সহ স্থানীয় দু’জন বাসিন্দার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পারিবারিক সূত্রে খবর, ২০১৮ সালে এক আত্মীয়ের কাছ থেকে একটি জমি কিনেছিলেন মুরলী। সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু হতেই বাধার মুখে পড়েন তিনি। স্থানীয় যুবক শশী নাম্বিয়ার অভিযোগ করেন, নিয়মবহির্ভূত ভাবে নির্মাণকাজ চলছে। তিনি বিষয়টি ‘গ্রেটার বেঙ্গালুরু অথরিটি’ (জিবিএ)-তে জানালে কাজ থমকে যায়। মুরলীর অভিযোগ, অভিযোগ জানানোর পর থেকেই শশী ও তাঁর এক প্রতিবেশী উষা নিয়মিত হেনস্তা ও মানসিক চাপ দিতে শুরু করেন। এমনকি টাকার দাবি করা হত বলেও নোটে লিখেছেন তিনি।
মুরলীর পরিবারের দাবি আরও বিস্ফোরক। তাঁদের অভিযোগ, জিবিএ-র কয়েকজন আধিকারিক শশীর কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করেছিলেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা না দিলে নির্মাণে স্থায়ী বাধা সৃষ্টি করা হবে বলে হুমকিও নাকি দেওয়া হয়েছিল। এই চাপের জেরে দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছিলেন মুরলী। পরিবার আরও জানিয়েছে, আধিকারিকদের কাছ থেকেও তিনি বারবার ফোনে হুমকি পেতেন।
টাকার চাপ, প্রশাসনিক ঝামেলা এবং অদূর ভবিষ্যতের অনিশ্চয়তা— এসব মিলিয়েই তীব্র মানসিক অবসাদে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা পরিবারের। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটের প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।







