দেশ

SBI-এর বেসিক সেভিংস অ্যাকাউন্টে নতুন নিয়ম, ৪টি ফ্রি উইথড্রয়ালের সীমা পেরোলেই কাটবে চার্জ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য বদলাতে চলেছে নিয়ম। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে মাসে চারটি বিনামূল্যের ক্যাশ উইথড্রয়ালের হিসাবের মধ্যে ডিজিটাল ট্রানজাকশনও যুক্ত হবে। চারটি ফ্রি লেনদেনের সীমা পেরিয়ে গেলে প্রতিটি অতিরিক্ত ক্যাশ উইথড্রয়ালের জন্য ১৫ টাকা করে দিতে হবে। এর সঙ্গে প্রযোজ্য হবে জিএসটিও।

নতুন নিয়মের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, এতদিন যে ডিজিটাল লেনদেনগুলি মাসে চারটি ফ্রি উইথড্রয়ালের সীমার মধ্যে গণনা করা হত না, ১ অক্টোবর থেকে সেগুলিও এই হিসাবের অন্তর্ভুক্ত হবে।

অর্থাৎ, BSBD অ্যাকাউন্ট থেকে মাসে কতবার বিনামূল্যে টাকা তোলা যাবে, তা নির্ধারণের ক্ষেত্রে শুধু ATM বা ব্যাঙ্কের শাখা থেকে নগদ তোলার হিসাব করলেই হবে না। নির্দিষ্ট ডিজিটাল লেনদেনও চারটি ফ্রি উইথড্রয়ালের সীমার মধ্যে ধরা হবে।

SBI-এর সংশোধিত নিয়ম অনুযায়ী, BSBD অ্যাকাউন্টে প্রতি মাসে মোট চারটি cash withdrawal বিনামূল্যে করা যাবে। এর মধ্যে SBI-এর ATM, অন্য ব্যাঙ্কের ATM, ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলা এবং নির্দিষ্ট ডিজিটাল ট্রানজাকশন—সবই অন্তর্ভুক্ত থাকবে।

চারটি বিনামূল্যের লেনদেন শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত টাকা তুললে প্রতিটি লেনদেনের জন্য ১৫ টাকা চার্জ দিতে হবে। এই চার্জের উপর আবার জিএসটিও প্রযোজ্য হবে।

### এতদিন কী নিয়ম ছিল?

এতদিন BSBD অ্যাকাউন্টে মাসে চারটি বিনামূল্যের টাকা তোলার সীমা নির্ধারণের সময় ডিজিটাল ট্রানজাকশনকে গণনায় ধরা হত না। কিন্তু ১ অক্টোবর ২০২৬ থেকে সেই নিয়ম বদলে যাচ্ছে। এবার ডিজিটাল লেনদেনও চারটি ফ্রি উইথড্রয়ালের মাসিক সীমার মধ্যে চলে আসবে।

ফলে কোনও গ্রাহক মাসের শুরুতেই একাধিক ডিজিটাল লেনদেন করলে পরবর্তীতে ATM বা ব্যাঙ্কের শাখা থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে চারটি বিনামূল্যের লেনদেনের সীমা দ্রুত শেষ হয়ে যেতে পারে।

SBI-এর BSBD অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি, যাঁরা কোনও ন্যূনতম ব্যালান্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার প্রয়োজন নেই। শাখায় withdrawal form ব্যবহার করে অথবা ATM-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা রয়েছে।

অ্যাকাউন্টের সঙ্গে গ্রাহককে একটি RuPay ATM-cum-Debit Card দেওয়া হয়। তবে এই ধরনের অ্যাকাউন্টে চেকবুকের সুবিধা থাকে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.