বিনোদন

মজার কাণ্ডে ভাইরাল আমির–বীর দাস! অভিনব ভাবে ঘোষণা ‘হ্যাপি প্যাটেল’-এর

বলিউডে ছবির ঘোষণা মানেই আলাদা উচ্ছ্বাস, কিন্তু আমির খান এবার সেই প্রচলিত নিয়মই বদলে দিলেন। রসিকতার ছলে তৈরি এক ভিডিওতে কৌতুকশিল্পী বীর দাসকে সোফায় ফেলে পেটাতে দেখা গেল ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। আমিরের এমন রূপ আগে কেউ দেখেননি বলেই দৃশ্যটি ঘিরে কৌতূহল তুঙ্গে পৌঁছেছিল। ঠিক কী ঘটেছিল?

ভিডিওর শুরুতেই দেখা যায়, আমির খান প্রোডাকশনের নতুন স্পাই-কমেডি ছবি ‘হ্যাপি প্যাটেল’ নিয়ে বীর দাস নানান প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন অভিনেতার দিকে। অ্যাকশন, রোম্যান্স থেকে শুরু করে ছবির ভবিষ্যৎ—কোনো প্রশ্নই বাদ যায় না। কথার ছলে আমির স্বীকার করেন, টানা কয়েকটি ব্যর্থতার পরে তাঁর মনে অনিশ্চয়তা কাজ করছে। এমনকি মজা করে বলেন, “এই ছবি একেবারেই ফ্লপ হবে।”

এই মন্তব্য শুনেই বীর দাস পাল্টা তির ছোড়েন। স্মরণ করিয়ে দেন ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার কথা। আর এতেই শুরু হয় নাটকীয়তা। রেগে গিয়ে আমির হঠাৎ বীরের উপর ঝাঁপিয়ে পড়েন এবং সোফায় ফেলে ‘মারধর’ শুরু করেন। স্বভাবতই ভিডিও দেখে প্রথমে হতচকিত হন দর্শকরা। ঠিক তখনই ঘরে ঢুকে পড়েন কয়েকজন তরুণ-তরুণী। তাঁরা জানান, তাঁরা ছবি দেখে মুগ্ধ। পরিবেশ এক মুহূর্তে বদলে যায়। আমির হেসে বীরকে জড়িয়ে ধরে জানান, “আমি তো বলেছিলাম, এই ছবি করতেই হবে!”

এভাবেই অভিনব স্টাইলে নতুন ছবির ঘোষণা করেন আমির। উল্লেখযোগ্য বিষয়, পরিচালনায় এবার আত্মপ্রকাশ করছেন বীর দাস। আগামী বছরের ১৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘হ্যাপি প্যাটেল’। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন মোনা সিং। এর আগে ‘ড্রিম ১১’ ও ‘সিতারে জমিন পর’–এর প্রচারেও চমক দেখা গিয়েছিল আমিরের। নতুন ভিডিও আরও একবার প্রমাণ করল, প্রচারে আলাদা ছাপ ফেলতে তিনি আজও ওস্তাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.