আন্তর্জাতিক ক্রিকেটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার বাইরেও সতীর্থদের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক কতটা মজবুত, তারই প্রমাণ মিলল হায়দরাবাদে। সদ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফেরা তারকা পেসার মহম্মদ সিরাজ এই সুযোগে তাঁর শহরে খেলতে আসা গোটা বাংলা ক্রিকেট দলকে নিজের রেস্তরাঁয় নৈশভোজের জন্য আমন্ত্রণ জানালেন।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন বাংলা দল বর্তমানে হায়দরাবাদে রয়েছে। আর সিরাজ এখন রয়েছেন বিশ্রামে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে তিনি তাঁর রেস্তরাঁর দরজা খুলে দিলেন বন্ধুদের জন্য। জাতীয় দলের চার সতীর্থ যথা মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার এবং বাংলার দলপতি অভিমন্যু ঈশ্বরণ—সহ শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েলরা উপস্থিত ছিলেন এই জমজমাট নৈশভোজে। কেউ জাতীয় দলে তাঁর সঙ্গী, কেউ আবার আইপিএলের সতীর্থ। নিজের শহরে এতগুলো বন্ধুকে একসঙ্গে পেয়ে সিরাজ ছিলেন দারুণ আপ্লুত।
এই বন্ধুত্বপূর্ণ সন্ধ্যার কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন মহম্মদ শামি। নৈশভোজের অভিজ্ঞতা বর্ণনা করে বাংলার এই জোরে বোলার লিখেছেন, “মহম্মদ সিরাজ আমাদের এবং আমার সব সতীর্থদের ওর রেস্তরাঁয় আমন্ত্রণ করেছিল। দারুণ একটা সন্ধ্যা কাটানোর সুযোগ পেলাম আমরা। খুবই ভালো আপ্যায়ন করা হয়েছে। আমরা সবাই মিলে খুব মজা করেছি। সব পদ ছিল অসাধারণ। মাঠে এবং মাঠের বাইরে আমাদের এই সম্পর্ক আরও মজবুত হোক। এমন সুন্দর আতিথেয়তার জন্য সিরাজকে অনেক ধন্যবাদ।”
সিরাজের এই আন্তরিক আতিথেয়তা প্রমাণ করে দিল, বাইশ গজের লড়াইয়ের পরেও ক্রিকেট পরিবারে বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধন কতটা অটুট।







