টেস্ট সিরিজ়ে ধাক্কার পর সীমিত ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়াল ভারত। বিশাখাপত্তনমে তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ় নিজেদের নামে করে নিল ভারত। যশস্বী জয়সওয়ালের অনবদ্য শতরান এবং রোহিত-কোহলির দৃঢ় পারফরম্যান্সে ভর করে ২৭১ রানের লক্ষ্য সহজেই টপকে গেল রাহুলের দল। এই জয়ে কোচ গৌতম গম্ভীরের মুখেও ফেরে স্বস্তির হাসি।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। দিনের এই সময়ে পরে বল করা যে কতটা কঠিন, তা আগের দুই ম্যাচেই টের পেয়েছিল ভারত। এ দিন সেই সুবিধাটাই কাজে লাগাল তারা। শুরুর ওভারেই শূন্য রানে রায়ান রিকেলটনকে ফিরিয়ে দেন অর্শদীপ সিংহ। এরপর কুইন্টন ডি’কক ও টেম্বা বাভুমা ১১৩ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান। বাভুমা ৪৮ রানে রবীন্দ্র জাডেজার শিকার হন।
মাঝের ওভারগুলোতে ম্যাচের রাশ ভারতের দিকে ঘুরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব। প্রসিদ্ধ নিজের দ্বিতীয় স্পেলে একই ওভারে ব্রিৎজ় ও এডেন মার্করামকে তুলে নেন। অন্য দিকে, কুলদীপ টপ অর্ডারের পর মিডল অর্ডারেও ধস নামান। শতরান করেন ডি’কক (১০৬), তবে তাঁর আউটের পর দক্ষিণ আফ্রিকার ইনিংস দ্রুত ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ২৭০ রানে অল আউট হয় তারা। কুলদীপ ও প্রসিদ্ধ—দু’জনেই নেন চারটি করে উইকেট।
২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধৈর্য নিয়ে শুরু করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। শুরুতে ঝুঁকি না নিয়ে পরিস্থিতি বুঝে ব্যাট করেন দু’জনেই। সময় যত গড়িয়েছে, ব্যাট করা তত সহজ হয়েছে। ওপেনিং জুটিতে ওঠে ১৫৫ রান। ৭৫ রানে রোহিত ফিরলেও ততক্ষণে কার্যত ম্যাচ ভারতের মুঠোয়।
এর পর যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। চলতি সিরিজ়ে দুরন্ত ফর্মে থাকা কোহলি এ দিনও আগ্রাসী ব্যাটিং করেন। নিজের এক দিনের কেরিয়ারের প্রথম শতরান পূর্ণ করেন যশস্বী। তাঁর ১১৬ রানের অপরাজিত ইনিংস ভারতকে অনায়াস জয়ের পথে পৌঁছে দেয়। কোহলিও ৬৫ রানে অপরাজিত থাকেন। ৬১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।
এই জয়ের ফলে এক দিনের সিরিজ় নিজেদের পকেটে পুরে নেয় ভারত। টেস্টে ব্যর্থতার পর সাদা বলের ক্রিকেটে এই জয় ভারতীয় শিবিরে নতুন আত্মবিশ্বাস ফিরিয়ে দিল বলেই মত ক্রিকেট মহলের।







