খেলাধুলা

আইপিএল ২০২৬-এর ঢাকে কাঠি — ২৮ মার্চ উদ্বোধন, ২৯ মার্চ মুম্বইয়ে কেকেআরের প্রথম লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই এবার ক্রিকেটপ্রেমীদের চোখ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দিকে। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল আইপিএল ২০২৬-এর প্রথম পর্বের সূচি। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত মোট ২০টি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রত্যাশামতোই আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। প্রথম ম্যাচের ভেন্যু নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত বেঙ্গালুরুর মাঠেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বোর্ড।

কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৯ মার্চ। প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে কলকাতা।

এরপর টানা আরও দু’টি ম্যাচ ইডেনেই খেলবে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দল। ৬ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে কেকেআর।

অন্যদিকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। গত মরশুমের ফাইনালিস্ট পাঞ্জাব কিংস ৩১ মার্চ মুলানপুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন, ১২ মার্চের মধ্যেই সূচি প্রকাশ করা হবে। সেই অনুযায়ী বুধবার প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। তবে টুর্নামেন্টের বাকি সূচি পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মাথায় রেখেই বাকি সূচি নির্ধারণ করা হতে পারে। মার্চ থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আপাতত সীমিত পরিসরে প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এবারের আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। পাশাপাশি গতবারের চ্যাম্পিয়ন আরসিবি-র চারটি হোম ম্যাচও এই মাঠেই আয়োজন করা হবে বলে জানিয়েছে বোর্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.