বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে রণবীর সিং–অক্ষয় খান্না–আর মাধবন অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। মুক্তির আগেই নানা বিতর্ক, আইনি জটিলতা এবং উত্তেজনার মধ্যেও শেষমেশ শুক্রবার পাঁচ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়ে ছবিটি প্রথম দিনেই ঝড় তুলেছে। জোরদার ওপেনিংয়ের পাশাপাশি বাড়ছে ‘ওয়ার্ড অফ মাউথ’-এর জোর, ফলে বক্স অফিসে বজ্রগতিতে বৃদ্ধি পাচ্ছে উপার্জন। দর্শকমহল যেমন ছবির অ্যাকশন, গতি এবং তারকাদের অভিনয়ে মুগ্ধ, তেমনই শোবিজ দুনিয়ার বাইরের তারকারাও যোগ দিচ্ছেন উন্মাদনায়।
এই তালিকায় এবার যুক্ত হলেন ব্যাডমিন্টন কিংবদন্তি সাইনা নেহওয়াল। ভাইরাল হওয়া ছবি-সংগীত FA9LA-তে মজে গিয়েছেন তিনি। শুধু গান শুনেই ক্ষান্ত থাকেননি, অক্ষয় খান্নার ঝলমলে এন্ট্রি স্টেপ নকল করে পোস্ট করেছেন একটি রিল। কিন্তু ভিডিওটির আসল আকর্ষণ কেড়ে নিয়েছেন তাঁর বাবা হরবীর সিং নেহওয়াল। সাইনার সঙ্গে তাল মিলিয়ে তিনি নকল করেছেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার স্টাইল, আর সেই মুহূর্তেই দর্শকদের মন জিতে নিয়েছেন। ক্যাপশনে সাইনা লিখেছেন— “যখন তুমি অক্ষয় খান্নার ভক্ত, আর বাবা বিনোদ খান্নার।”
রিলে মেয়ের সঙ্গে বাবার এই মজার মুহূর্ত মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মতে, নেহওয়াল পরিবারের স্বতঃস্ফূর্ততা এবং বলিউডের প্রতি ভালোবাসা ‘ধুরন্ধর’-এর উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, মুক্তির আগে থেকেই ‘ধুরন্ধর’-এর টিজার ও ট্রেলার দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছিল। অগ্রিম বুকিংয়ের প্রবল চাহিদা দেখে অনেকেই অনুমান করেছিলেন, ছবিটি বছরের অন্যতম সফল ওপেনিং দেবে। সেই ভবিষ্যদ্বাণীই সত্যি প্রমাণ হয়েছে। প্রথম দিনেই সাড়া ফেলেছে রণবীর সিংয়ের শক্তিশালী উপস্থিতি, পাশাপাশি আলোচনায় অক্ষয় খান্না ও আর মাধবনের পারফরম্যান্সও।







