ফ্যাশন আর সঙ্গীত দুটি আলাদা জগত এক মঞ্চে এসে মিশে গেল ডিজাইনার অভিষেক রায়ের ‘গৌর কালেকশন’-এর নতুন উদ্যোগে। সাদা রঙকে কেন্দ্র করে তৈরি এই বিশেষ কালেকশন ইতিমধ্যেই নজর কেড়েছিল, আর এবার সেই আবহকে আরও গভীর করল একটি বিশেষ গান প্রকাশের মাধ্যমে।
এর আগে এই কালেকশনের লঞ্চে দেখা গিয়েছিল ইমন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়-এর মতো জনপ্রিয় মুখদের। বিশেষ করে যিশু ও পরমব্রতের সাদা ধুতি-পাঞ্জাবির লুক বেশ আলোচনায় আসে, যা এই কালেকশনের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনকে তুলে ধরে। সম্প্রতি আয়োজিত হল সেই কালেকশন-নির্ভর গানের লঞ্চ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার এবং গানের স্রষ্টা সৃজন চট্টোপাধ্যায়। অনুষ্ঠান জুড়ে ছিল আড্ডা, হাসি আর বন্ধুত্বের উষ্ণতা। যা এই প্রকল্পটিকে আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত করে তোলে। এই দিনেও ইমন চক্রবর্তীকে দেখা যায় গৌর কালেকশনের পোশাকে, যা ব্র্যান্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়।
রাজনৈতিক মহলেও সম্প্রতি তাঁর নাম ঘিরে জল্পনা ছিল বিশেষ করে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে। যদিও শেষ পর্যন্ত তিনি সরাসরি নির্বাচনী ময়দানে নামেননি, তবে সবুজ শিবিরের প্রচারে তাঁর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ‘গৌর কালেকশন’ ও তার সঙ্গে যুক্ত গান, এই যুগল প্রকাশ এক অভিনব ভাবনা বলেই মনে করছেন অনেকেই। আশা অডিওর উদ্যোগে প্রকাশিত এই গান ফ্যাশন ও সঙ্গীতের মেলবন্ধনকে নতুন মাত্রা দিয়েছে। সব মিলিয়ে, বাংলা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই উদ্যোগ শুধু পোশাক নয়, একটি সম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা। যেখানে স্টাইল, সুর আর সম্পর্ক একসঙ্গে ধরা পরে।







