খেলাধুলা

ঘোর অনিশ্চয়তায় টি-টোয়েন্টি বিশ্বকাপ:আর্থিক ক্ষতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার চুক্তি ভাঙল জিয়োস্টার

আগামী বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় দেখা যাবে, তা নিয়ে এক বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি (ICC)-এর সঙ্গে চার বছরের সম্প্রচার চুক্তি থেকে সরে আসতে চাইছে মুকেশ আম্বানির রিলায়্যান্সের নিয়ন্ত্রাধীন সংস্থা জিয়োস্টার (JioStar)। এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো সমস্যায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

‘ইকনমিক টাইমস’ এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ায় জিয়োস্টার এই চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ২০২৪ সাল থেকে ২০২৭ সালের মধ্যে চারটি আইসিসি ইভেন্টের জন্য ২৭ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তি শুরুর দ্বিতীয় বছরেই জিয়োস্টার এটি বাতিল করতে চাইছে। ফলে টিভিতে বা মোবাইলে দর্শকরা কোথায় বিশ্বকাপ দেখতে পাবেন, সেই উত্তর এখনই পাওয়া যাচ্ছে না। জিয়োস্টারের চুক্তি বাতিলের ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত নতুন সম্প্রচারকারী সংস্থা খোঁজার কাজে নেমে পড়েছে আইসিসি। তারা সোনি পিকচার্স, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করছে বলে শোনা যাচ্ছে।

আগের চার বছরের চুক্তির তুলনায় এবার সম্প্রচার স্বত্বের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৬ সাল থেকে ২০২৯ সালের পরবর্তী চার বছরের চুক্তির জন্য তারা ২১,৬৩৮ কোটি টাকা দর চেয়েছে। যদিও নেটফ্লিক্স এই দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছিল, কিন্তু সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্সকে অধিগ্রহণ করার পর তারা আর এত বড় অঙ্কের অর্থ খরচ করতে রাজি হবে কি না, সেই প্রশ্ন উঠেছে। পাশাপাশি শোনা যাচ্ছে, ক্রিকেট বাদ দিয়ে অন্যান্য খেলাধুলোর দিকেই নেটফ্লিক্সের নজর বেশি। ফলে এখন শেষ মুহূর্তে আইসিসি কীভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন সম্প্রচারকারী খুঁজে বার করে, সেটাই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.