ফের বিতর্ক হুমায়ূন কবীরকে নিয়ে । গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে , তিনি নাকি সৌদি আরবের নাম করে রাজ্যেরই দুই ইমাম বা ক্কারীকে দিয়ে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠান করিয়েছিলেন , শিলান্যাস অনুষ্ঠানের দিন । অনেকেই এটিকে ধর্মীয় প্রতারণা বলে মনে করছেন । তবে হুমায়ুনের পাল্টা দাবি, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তাঁকে অপদস্থ করতে এই চাল চলছেন । যদিও হুমায়ূনের এই অভিযোগ পুরোপুরি ভাবে অস্বীকার করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা।
চলতি বছরেই ৬ ডিসেম্বর , বাবরি মসজিদ ধ্বংসের দিনই বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ূন কবীর । তার দাবী ছিল , দেশবিদেশ থেকে বহু অতিথি মসজিদ শিলান্যাসের অনুষ্ঠানে আসবেন। শিলান্যাস অনুষ্ঠানে আসছেন সৌদি আরবের দুই ‘ক্কারী’ অর্থাৎ মক্কার ইমাম। উল্লেখ্য সেই মতো তারা ৬ ডিসেম্বর , বেলডাঙ্গাতে এসেছিলেন । তাদেরকে কেন্দ্রস্থলে রেখে পুরো শিলান্যাস অনুষ্ঠানও হয়। রাজ্যের বহু প্রান্ত থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা এসে ৬ তারিখ জড়ো হয়েছিলেন মুর্শিদাবাদে। এক কথায় জনসমুদ্রের ঢল নেমেছিল । কিন্তু এবার অভিযোগ উঠছে , সৌদি থেকে আসা ওই দুই ইমাম , আসলে সৌদি থেকে আসেননি ! ওই দুই ইমামের মধ্যে একজন মুর্শিদাবাদেরই দৌলতাবাদের বাসিন্দা সুফিয়া এবং অপরজন , পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শেখ আবদুল্লা ? আর এই অভিযোগ সামনে আসার পর থেকেই , প্রশ্ন উঠছে বিশ্বাসযোগ্যতা নিয়ে ।
কিন্তু হুমায়ূনের দাবী , পুরোটাই তাকে অপদস্ত করার চক্রান্ত । তার কথায় , “আমি মধ্যস্থতাকারীদের সম্পূর্ণ ভরসা করেছিলাম। বিমানের টিকিট ও অন্য খরচ পাঠিয়ে দিয়েছিলাম। আর কোনও খোঁজখবর নিতে পারিনি। এখন শুনছি ওরা রাজ্যের বাসিন্দা।”
উল্লেখ্য , হুমায়ূনের কথা স্বীকার করেছেন , মধ্যস্থতাকারী খন্দকার ইউসুফও । তিনি বলেন , “টাকা পয়সা হুমায়ুন সাহেব পাঠালেও শেষ মুহূর্তে আর সৌদি থেকে মেহমান আনা সম্ভব হয়নি। ভিড়ের মধ্যে মঞ্চেও আর বলা হয়ে ওঠেনি যে ওঁরা সৌদি আরবের নন। আমার উপরে দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি।”
এবিষয়ে হুমায়ুনের দাবি, “গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ড সিদ্দিকুল্লা চৌধুরী। আমাকে অপদস্থ করতে তিনিই মধ্যস্বত্ত্বকারীদের প্রভাবিত করেছেন।” তবে হুমায়ূনের অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বলেছেন , “আমি নিজে একটা সংগঠন চালাই। যার অধীনে ১১০০ মাদ্রাসা চলে। আমার এসব লোককে অপদস্থ করার দরকার হয় না। নিজে যা করছেন করুন, আমাকে টানবেন না।”







