আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে রেখেই একটি নতুন ভূ-রাজনৈতিক অক্ষ গড়ে তুলতে চাইছেন। যার পরিধিতে থাকার সম্ভাবনা রাশিয়া, চিন ও জাপানও। বিশ্ব রাজনীতিতে এই সম্ভাব্য জোটকে এখনই অনেকেই নাম দিচ্ছেন—‘সি-ফাইভ’ বা ‘কোর ফাইভ সুপারক্লাব’।
তবে ওয়াশিংটন বা নয়া দিল্লি দুই পক্ষেরই তরফে এমন কোনও পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর দাবি, হোয়াইট হাউসের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদনের সূত্র ধরেই এই জল্পনা বৃদ্ধি হচ্ছে। ট্রাম্প প্রশাসন নাকি এমন একটি পাঁচ-দেশীয় জোট নিয়ে ভাবনা-চিন্তা করছে, যা বর্তমান জি-৭ গোষ্ঠীর গুরুত্বকে চ্যালেঞ্জ করতে পারে। এই সম্ভাব্য অক্ষ থেকে পাকিস্তানের বাদ পড়া আরও একটি রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে, গত কয়েক বছরে পাকিস্তান সেনার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ভারতকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্যের পর এই সিদ্ধান্তকে অনেকেই কূটনৈতিক বার্তা বলে মনে করছেন।
এরই মাঝখানে মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোয় দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও পরবর্তীতে ওয়াশিংটন–নয়াদিল্লি নতুন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। এই পটভূমিতে ট্রাম্প-মোদি ফোনালাপ নতুন করে জল্পনা উসকে দিয়েছে। ওই কথোপকথনে ‘সি-ফাইভ’ নিয়ে আদৌ আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি—একটি নতুন শক্তি-গণিত তৈরি হওয়া সময়ের অপেক্ষা মাত্র।







