খেলাধুলা

রিয়েল কাশ্মীর ছেড়ে ইস্টবেঙ্গল, শিষ্যের পিছু ছুটে আক্ষেপ ‘গুরুর’

ইদের সকালেই শিষ্য হারানোর দুঃখে দিনটা শুরু হল রিয়েল কাশ্মীর কোচ ইশফাক আহমেদের। লাল-হলুদে নাম লেখালেন মিজো মিডফিল্ডার রামসাঙ্গা। একদিকে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর থেকে বিদায়, অন্যদিকে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলের যাত্রা শুরু—ফুটবল কেরিয়ারে এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ালেন এই প্রতিভাবান তরুণ।

ইশফাক আহমেদ শুধু রিয়েল কাশ্মীরের কোচ নন, কলকাতার ফুটবলের পরিচিত মুখ। একসময় মোহনবাগান ও ইস্টবেঙ্গলে খেলেছেন, তাই তিনি জানেন দুই প্রধানের চাপ ও চাহিদা কতটা বেশি। তাঁর মতে, “রামসাঙ্গা হল কোচের প্লেয়ার। আমি যেভাবে বলতাম, সেভাবেই মাঠে ফুটিয়ে তুলত।” রিয়েলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ পারফর্ম করলেও শেষমেশ তিনি আর থাকলেন না পাহাড়ি ক্লাবে।

ইশফাক জানান, রামসাঙ্গা টেকনিক্যালি যথেষ্ট দক্ষ, বাঁ পায়ের শট এবং হেডে গোল করার ক্ষমতা রয়েছে। শুধু গোলই নয়, গুরুত্বপূর্ণ মুহূর্তে অ্যাসিস্টও করেছে। অথচ, সব জেনেও রিয়েলের দেওয়া চুক্তিপত্রে সই করেননি ফুটবলারটি। তিন বছরের চুক্তিতে এখন তাঁর ঠিকানা ইস্টবেঙ্গল।

ফুটবল রাজনীতির ব্যস্ত বাজারে এই দলবদল অস্বাভাবিক নয়। তবে শিষ্যকে হারিয়ে চোখে-মুখে ইশফাকের একরাশ আক্ষেপ স্পষ্ট। তাঁর কথায়, “ভাল প্লেয়ার হাতছাড়া হয়ে গেল। তবে ওর জন্য শুভেচ্ছা থাকল। কলকাতার দর্শক ওকে ভালোবাসবে—যদি ও নিজের সেরাটা দিতে পারে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.