থাইল্যান্ডের মাটিতে ফ্রেন্ডলি ম্যাচে ভারতের ০-২ ব্যবধানের হার শুধু হতাশা বাড়াল না, নতুন কোচ মানোলো মার্কেজের অধীনে জাতীয় দলের দুর্বলতা ফের স্পষ্ট করে দিল। সেই সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের আইএসএল জয়ী অধিনায়ক শুভাশিস বসুর এশিয়ান কাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে বাদ পড়া সবুজ-মেরুন সমর্থকদের কাছে বড় ধাক্কা।
শুভাশিস, যিনি দেশের অন্যতম সেরা লেফট ব্যাক এবং সদ্যসমাপ্ত আইএসএল মরশুমে ডিফেন্ডার অব দ্য ইয়ার নির্বাচিত, চোটের জন্য থাইল্যান্ড ম্যাচে খেলতে পারেননি। তবে হংকংয়ের বিরুদ্ধে ফিরবেন বলেই মনে করা হয়েছিল। কিন্তু ২৫ সদস্যের স্কোয়াডে তাঁর অনুপস্থিতি ভারতীয় রক্ষণভাগের ভারসাম্যকে প্রশ্নের মুখে দাঁড় করাল। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন আরও দুই ফুটবলার—ডিফেন্ডার মেহতাব সিং এবং গোলকিপার হৃতিক তিওয়ারি।
এই মরশুমে মোহনবাগানকে লিগ শিল্ড এবং আইএসএল কাপ এনে দেওয়া শুভাশিস জাতীয় দলের অন্যতম ভরসা ছিলেন। তাঁর না থাকা মানে রক্ষণে তীক্ষ্ণতা কমা। আর এই মুহূর্তে ভারতীয় দলের মূল ভরসাও মোহনবাগান ঘরানার ফুটবলাররাই। ফুটবল মহলের মতে, শুভাশিসের অভাব ভারতীয় দলের খেলায় প্রভাব ফেলতে বাধ্য।
১০ জুন, হংকংয়ের বিরুদ্ধে জয় না পেলে ভারতের এশিয়ান কাপে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। তাই এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে অভিজ্ঞ খেলোয়াড়দের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় অস্বস্তির কারণ। এখন দেখার, এই চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারে কিনা ব্লু টাইগার্স।







