খেলাধুলা

মৃত্যুমিছিলের পর স্টেডিয়ামের পুনর্ব্যবহার: চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের জন্য শর্তসাপেক্ষ ছাড়পত্র মন্ত্রিসভার

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর স্টেডিয়ামটির ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার আংশিক অবসান হলো।

জানা গেছে, আগামী আইপিএল মরসুমের জন্য স্টেডিয়ামটি ব্যবহার করার শর্তসাপেক্ষ অনুমোদন পেয়েছে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। কর্নাটক সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইপিএল-এর মতো বড় টুর্নামেন্ট বেঙ্গালুরু থেকে সরানো হবে না, ম্যাচ হবে চিন্নাস্বামীতেই।শুক্রবার কর্নাটক মন্ত্রিসভায় বিচারপতি ডি’কুনহা কমিশনের সুপারিশের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্তগুলি অত্যন্ত জটিল। মন্ত্রিসভা পরিষ্কার নির্দেশ দিয়েছে: “কুনহা রিপোর্টের সুপারিশ বাস্তবায়িত না হলে কোনো ম্যাচ হবে না।” অর্থাৎ, কেএসসিএ-কে কমিশনের দেওয়া সমস্ত শর্ত অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

বেশ কিছু দিন আগেই পূর্ত দফতর (পিডব্লিউডি) কেএসসিএ-কে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করেছিল, যেখানে স্টেডিয়ামের সুরক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছিল। ডি’কুনহা কমিশনে জানানো হয় যে, ১৯৭৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটিকে ‘মৌলিকভাবে অনিরাপদ’ বলে চিহ্নিত করা হয়েছে।পিডব্লিউডি-র কাছ থেকে লিজ নেওয়া ১৭ একর জমির উপর শহরের কেন্দ্রে অবস্থিত চিন্নাস্বামী স্টেডিয়াম। এখন কেএসসিএ-কে প্রমাণ করতে হবে যে, বিপুল সংখ্যক দর্শকের জন্য এই স্টেডিয়ামটি নিরাপদ। স্টেডিয়ামটিকে তার ‘ফিটনেস সার্টিফিকেট’ জমা দিতে হবে। কর্তৃপক্ষ সেই রিপোর্ট হাতে পেলেই চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সবুজ সংকেত মিলবে।

উল্লেখ্য, আইপিএল শিরোপা জেতার পর সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং ৪৭ জন আহত হন। এই মর্মান্তিক ঘটনার জেরে কর্নাটক হাই কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল। সেই থেকেই কর্নাটক সরকার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে দায় ঠেলাঠেলি শুরু হয়। আপাতত শর্তসাপেক্ষে অনুমোদনের পর সবার নজর থাকবে স্টেডিয়ামের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেই দিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.