নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায় অবৈধ ‘বাজি’ কারখানায় বিস্ফোরণের ঘটনায় এই প্রথম কাউকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে নীলগঞ্জ এলাকা থেকে কেরামত আলির ‘সহযোগী’ শফিক আলি ওরফে সফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০০ কেজির মতো শব্দবাজি ও বাজি তৈরির সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের,খবর যে, কেরামতের ‘বাজি’র ব্যবসায় ‘অংশীদারিত্ব’ ছিল শফিকের। এই বিস্ফোরণে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে কেরামতের।
গতকাল সকালবেলা অর্থাৎ রবিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর এলাকার মোচপোল গ্রাম। এই ঘটনায় এখনও পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।আহত একাধিক মানুষজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ফরেন্সিক বিভাগের একটি দল ।দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে স্থানীয়রা রবিবার থেকেই বলতে শুরু করেন যে, ‘‘এ সবই কেরামতের কাণ্ড।’’ এমনকি এই বিস্ফোরণে রবিবার সকালে কেঁপে ওঠে প্রায় ৬ কিলোমিটার দূরের বারাসত শহরও। যে বিস্ফোরণের তীব্রতায় কারও দেহাংশ উড়ে গিয়ে পড়েছে পাশের বাড়ির ছাদে , আবার কারোর বা পুকুরে ও গাছে। বিস্ফোরণের অভিঘাতে ছিন্নভিন্ন হয়েছে প্রায় ৯টি শরীর।
এলাকাবাসীর আরও অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারিতে চলত এই কারখানা। স্থানীয় বাসিন্দাদের মতে বাধা, বারণ ধর্তব্যের মধ্যে আনতেন না কেরামত। নিজের মতো করে কারখানা খুলে ‘বাজি’ বানাতে শুরু করেছিলেন। রবিবার সকালে তাঁর অবৈধ ‘বাজি’ কারখানায় বিস্ফোরণ হয়। স্থানীয় সামসুল হকের বাড়ি লাগোয়া জমিতে দিনের বেলায় চলত ‘বাজি’ তৈরি। আর দু’টি ঘরে চলত ‘বাজি’ প্যাকেজিংয়ের কাজ। সামসুল এই কারখানাতেই কাজ করতেন। এই বিস্ফোরণে প্রাণ গিয়েছে তাঁরও ।
প্রসঙ্গত দত্তপুকুরের এই ঘটনায় রাজনৈতিক চাপানউতরও শুরু হয়ে গিয়েছে। এই কেরামতকে ‘তৃণমূলের লোক’ বলে দাবি করছে আইএসএফ। শাসকদলের অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোন যোগ নেই। তারা এই গোটা কাণ্ডের দায় চাপিয়েছে আইএসএফের উপর। আরও স্পষ্ট করে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন রায় আইএসএফ নেতা রমজান আলির নাম নিয়েছেন। বস্তুত, তাঁর বাড়ির গুদাম থেকে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ বাজি। এলাকাবাসীর দাবি, তিনি তৃণমূল নেতা। ঘটনার পর থেকে অবশ্য খোঁজ মেলেনি আজিবরের।উল্লেখ্য, দত্তপুকুরের ঘটনা নিয়ে সোমবার নবান্নে একটি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







