উত্তরপ্রদেশের জৌনপুরে ভিন্ধর্মে বিয়ে ঘিরে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডে পরিণত হল। অভিযোগ, পেশায় ইঞ্জিনিয়ার এক যুবক নিজের মা–বাবাকে খুন করে তাঁদের দেহ করাত দিয়ে কেটে নদীতে ফেলে দেয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম শ্যাম বাহাদুর (৬২) ও ববিতা (৬০)। তাঁদের ছেলে আমবেশ পাঁচ বছর আগে এক মুসলিম তরুণীকে বিয়ে করেন। এই বিয়ে মেনে নিতে পারেননি শ্যাম ও ববিতা। পুত্রবধূকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় আলাদা ভাড়া বাড়িতে সংসার শুরু করেন আমবেশ। ওই দম্পতির দুই সন্তানও রয়েছে।
গত পাঁচ বছরে একাধিকবার বাবা–মায়ের বাড়িতে ফেরার চেষ্টা করেছিলেন আমবেশ। তবে শর্ত ছিল—স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে বাড়িতে ঢোকা যাবে না। শেষ পর্যন্ত দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলে স্ত্রীকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা হয়। সেই টাকার জন্য বাবার কাছে গেলে শ্যাম বাহাদুর তা দিতে অস্বীকার করেন। এর জেরেই চরম অশান্তি শুরু হয় বলে অভিযোগ।
পুলিশের দাবি, তর্কাতর্কির এক পর্যায়ে আমবেশ ভারী পাথরের নোড়া দিয়ে প্রথমে মায়ের মাথায় আঘাত করে। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবাকেও একইভাবে আক্রমণ করা হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ করাত দিয়ে টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর বোনকে ফোন করে আমবেশ জানান, ঝগড়ার পর মা–বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। নিজেও কয়েকদিন নিখোঁজ ছিলেন তিনি। সন্দেহ দানা বাঁধতেই পরিবার পুলিশের দ্বারস্থ হয়। জেরায় ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।







