ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলায় সাময়িক ভাবে স্বস্তি , সাময়িকভাবে বন্ধ হল কাটাছেঁড়া। দিল্লি হাইকোর্টের তরফে , শুক্রবার বড় স্বস্তি পান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের বিরুদ্ধে যে মামলা চলছিল , তাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ লোকপালের দেওয়া নির্দেশকে ‘ভুল’ বলে উল্লেখ করে ।
শুক্রবার এই রায়দানের মামলা , দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চে চলছিল । উল্লেখ্য , লোকপাল আদালতের তরফে , মহুয়ার বিরুদ্ধে চলা ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলায় সিবিআই চার্জশিট জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মহুয়া মৈত্র জন দিল্লি হাইকোর্টে । আর এবার সেই মামলাতেই পেলেন বড় স্বস্তি ।
নভেম্বর মাসের ১২ তারিখ, লোকপাল আদালত , মহুয়ার বিরুদ্ধে চলা ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলায় সিবিআইকে চার্জশিট জমা দেওয়ার অনুমোদন দেয় । সেই নির্দেশ অনুযায়ী , ২০১৩ সালের লোকপাল আইনের ধারা ২০(৭) এবং ধারা ২৩(১) অনুযায়ী, চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা করতে হতো সিবিআইকে । পাশাপাশি, লোকপাল দফতরেও চার্জশিটের একটি প্রতিলিপি পাঠানোর কথা ছিল । তবে চার্জশিট জমার পরই যে আইনি প্রক্রিয়া শুরু হবে , এমন বিষয় নয়। লোকপাল আদালতের চেয়ারপার্সন বলেছিলেন , “চার্জশিট জমা দেওয়ার পরেই সিবিআইয়ের দ্বিতীয় আবেদনটি বিবেচনা করা হবে। তার আগে আইনি প্রক্রিয়া নয়। ” এরপরেই এই নির্দেশের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র ।







