আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬কে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে বিশ্বজুড়ে। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বছর বসতে চলেছে এই মহাযজ্ঞ। ৪৮ দলের নতুন ফরম্যাটে আয়োজিত এই বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়েই নয়, পুরস্কারমূল্যের নিরিখেও তৈরি করতে চলেছে ইতিহাস।
ফিফা সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপ জয়ী দল পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫০ কোটি টাকা। যা আগের সমস্ত বিশ্বকাপের তুলনায় অনেকটাই বেশি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল প্রায় ৩৭৯ কোটি টাকা। তার আগে ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রাপ্তি ছিল ৩৪৩ কোটি টাকা। অর্থাৎ, প্রতিটি বিশ্বকাপেই ধাপে ধাপে বেড়েছে পুরস্কারমূল্যের অঙ্ক, আর ২০২৬ সালে তা ছুঁল নতুন উচ্চতা।
শুধু চ্যাম্পিয়ন নয়, অন্যান্য দলগুলির জন্যও বিপুল অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে ফিফা। রানার্স আপ দল পাবে প্রায় ২৯৭ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা দল পাবে ২৬১ কোটি টাকা, চতুর্থ স্থানে থাকা দল পাবে ২৪৩ কোটি টাকা। এমনকি ৩৩ থেকে ৪৮তম স্থানে শেষ করা দলগুলিও পাবে প্রায় ৮১ কোটি টাকা করে।
এবারের বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য হিসেবে ফিফা খরচ করবে প্রায় ৬৫৬৩ কোটি টাকা। এর মধ্যে অংশগ্রহণকারী ৪৮টি দেশকেই দেওয়া হবে আলাদা করে অংশগ্রহণ ফি। শুধু বিশ্বকাপে খেলতে এলেই প্রত্যেক দল পাবে প্রায় ১৩ কোটি টাকা, ফলে কোনও দলই ৯৪ কোটির কম পুরস্কারমূল্য পাবে না।
তবে আশ্চর্যের বিষয়, এত বিশাল অঙ্কের পরেও জাতীয় দলের বিশ্বকাপ পুরস্কারমূল্য পিছিয়ে রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের তুলনায়। চলতি বছরে ক্লাব বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ছিল প্রায় ৯০২৭ কোটি টাকা। চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছিল প্রায় ১১২৮ কোটি টাকা, যা বিশ্বকাপজয়ী দলের প্রাপ্তির থেকেও আড়াই গুণ বেশি।
সব মিলিয়ে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যে শুধু খেলার নয়, বরং হাজার হাজার কোটি টাকার লড়াই, তা বলাই বাহুল্য।







