নিউজিল্যান্ড ক্রিকেটে এই মুহূর্তে মাঠের লড়াইয়ের চেয়েও বড় ঝড় বইছে মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই এক চাঞ্চল্যকর খবর এল কিউয়ি শিবির থেকে। শুক্রবার আচমকাই ইস্তফা দিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী (CEO) স্কট ওয়েইনিঙ্ক। মূলত দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বোর্ড এবং ক্রিকেটারদের সংগঠনের মধ্যে দীর্ঘদিনের চাপা বিবাদই এই পদত্যাগের আসল কারণ বলে মনে করা হচ্ছে।
স্কট ওয়েইনিঙ্ক নিজে এক সময় ওয়েলিংটনের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। গত দুই বছর ধরে তিনি বোর্ডের শীর্ষ পদে ছিলেন। তবে ইদানীংকালে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ফরম্যাট বদলে ফেলার যে দাবি উঠেছিল, তা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। বর্তমানে কিউয়িদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলো ‘সুপার স্ম্যাশ’। কিন্তু ক্রিকেটারদের সংগঠন চাইছিল একে ভেঙে বড় আকারে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ শুরু করতে, যার নাম প্রস্তাব করা হয়েছে ‘এনজেড ২০’ (NZ20)। নিউজিল্যান্ডই এখন আইসিসির একমাত্র পূর্ণ সদস্য দেশ যেখানে কোনো জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ হয় না। ক্রিকেটারদের সংগঠনের লক্ষ্য ছিল আইপিএলের বড় বড় দলগুলোর বিনিয়োগ এবং বিদেশি তারকাদের টেনে এনে নিউজিল্যান্ড ক্রিকেটের ভাঁড়ার মজবুত করা। তারা ইতিমধ্যে বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সাথেও প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছিল। নিউজিল্যান্ডের বর্তমান দুই অধিনায়ক টম ল্যাথাম এবং মিচেল স্যান্টনারও এই পরিকল্পনার পক্ষে সওয়াল করেছিলেন। ল্যাথাম তো একে ‘বিরাট এক উদ্যোগ’ হিসেবেও বর্ণনা করেন।
স্কট ওয়েইনিঙ্ক বরাবরই এই বাণিজ্যিকিকরণের বিপক্ষে ছিলেন। তবে শেষ পর্যন্ত একা হাতে আর পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। ইস্তফা দেওয়ার পর তিনি স্পষ্ট ভাষায় জানান যে, ক্রিকেটারদের সংগঠনের সাথে তাঁর আদর্শগত মতপার্থক্য তৈরি হয়েছিল। ওয়েইনিঙ্ক বলেন, “আমি বুঝেছি যে আমাদের মতের মিল হওয়ার নয়। নিউজিল্যান্ডের ক্রিকেটের ভালোর জন্যই আমি সরে দাঁড়ালাম, যাতে অন্য কেউ এসে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করতে পারে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কেউ নয়, তাই এই সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক মনে হয়েছে।” ভবিষ্যৎ কী? সিইও-র পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, তবে কি খুব শীঘ্রই কিউয়ি ব্রিগেডের ‘এনজেড ২০’ বাস্তবে নামতে চলেছে? বিনিয়োগকারীরা তৈরি, খেলোয়াড়রাও মুখিয়ে আছেন। এখন শুধু দেখার বিষয়, নতুন যিনি দায়িত্ব নেবেন তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগের পরিকল্পনাকে কতটা দ্রুত বাস্তবায়িত করেন। এই পরিবর্তন নিউজিল্যান্ডের ক্রিকেটে নতুন প্রাণ ফেরাবে না কি ট্র্যাডিশনাল ক্রিকেটে আঘাত আনবে, তা নিয়ে এখন নিউজিল্যান্ডের ক্রিকেট মহলে জোর চর্চা চলছে।







