দেশে ছবির জগতে এখনো বিতর্কের সমার্থক শব্দ “দ্য কেরালা স্টোরি”। বলপূর্বক ধর্মান্তর, লাভ-জিহাদ এর মতো বিতর্কিত, স্পর্শকাতর বিষয় ছবিটিতে দেখানো হয়েছে ফলে, সাম্প্রদায়িক বিবাদ এড়াতে বাংলা সহ দেশের কয়েকটি রাজ্যে নিষিদ্ধ করা হয় ছবিটিকে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের আদেশানুশারে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সিনেমা হল গুলিতে সেভাবে পসার জমাতে পারেনি।
শুরুতে বিখ্যাত দক্ষিণের অভিনেতা কমল হাসান ছবিটিকে প্রচারমূলক প্রপাগান্ডা হিসেবে উল্লেখ করেছিলেন। তবে শনিবার সর্বভারতীয় সংবাদ সংস্থার দক্ষিণ শাখার একটি আলোচনা সভায় সম্পূর্ণ অন্য সুর গাইলেন তিনি, তার কথায়, জনগণকে ছবিটিকে জাতীয় সংকট হিসেবে চিহ্নিত না করে এর উদ্দেশ্য বুঝতে হবে। কোনো প্রত্যয় বা সংশয় ছাড়া সিনেমাটি দেখা উচিত নয় বলেও পরামর্শ দেন তিনি।
ইতিমধ্যেই বিস্তর বিতর্ক হয়েছে ছবিটি নিয়ে। উঠেছে তথ্য বিকৃতির অভিযোগও। সমালোচকরা উল্লেখ করেছেন যে ছবি তৈরিতে কোনও শৈল্পিকতা জড়িত নয়, এমনকি বলিউডেও এটি সম্পর্কে মিশ্র অনুভূতি রয়েছে। অভিনেতা, পরিচালক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কমল হাসান এর আগে এই চলচ্চিত্রের চিত্রায়নের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু দর্শকদের কাছে তার সাম্প্রতিক বার্তাটির সুর ছিল ভিন্ন।







